চিনি খাওয়ার ক্ষেত্রে অনেকেই সাদা চিনির পরিবর্তে বাদামি বা ব্রাউন সুগারকে বেশি স্বাস্থ্যকর মনে করেন। রঙের পার্থক্যের কারণে বাদামি চিনিতে পুষ্টিগুণও বেশি এমন ধারণা রয়েছে অনেকের। তবে পুষ্টিবিদদের মতে, সাদা ও বাদামি চিনির পুষ্টিগত পার্থক্য খুবই সামান্য। ক্যালোরি, রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি এবং শরীরে প্রভাবের ক্ষেত্রেও দুই ধরনের চিনির মধ্যে বড় কোনো পার্থক্য নেই।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে নিউট্রিশন কোচ নুপুর গুলাটি সাদা ও বাদামি চিনির পুষ্টিগুণ এবং স্বাস্থ্যগত প্রভাব নিয়ে আলোচনা করেছেন। তার ব্যাখ্যায় উঠে এসেছে, বাদামি চিনিকে তুলনামূলক স্বাস্থ্যকর মনে করার প্রচলিত ধারণার পেছনে যথেষ্ট বৈজ্ঞানিক ভিত্তি নেই।
সাদা ও বাদামি চিনির পার্থক্য
নুপুর গুলাটির মতে, সাদা ও বাদামি দুই ধরনের চিনির মূল উপাদানই সুক্রোজ। হজমের সময় এটি ভেঙে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়। দুই চিনির প্রধান পার্থক্য হলো, বাদামি চিনিতে মোলাসেস বা আখের গুড়জাতীয় ঘন রস মেশানো থাকে। এই উপাদানই চিনিকে বাদামি রং ও ক্যারামেলের মতো স্বাদ দেয়।
বাদামি চিনিতে মোলাসেস থাকার কারণে সামান্য পরিমাণে ক্যালসিয়াম ও আয়রনের মতো খনিজ উপাদান পাওয়া যায়। তবে সাধারণত যে পরিমাণ চিনি খাওয়া হয়, তাতে এসব খনিজের উপস্থিতি এতটাই কম যে তা থেকে উল্লেখযোগ্য স্বাস্থ্য উপকার পাওয়ার সুযোগ নেই।
পুষ্টিগুণের পাশাপাশি ক্যালোরির হিসাবেও সাদা ও বাদামি চিনির মধ্যে খুব বেশি পার্থক্য নেই। বাদামি চিনিতে সামান্য কিছু খনিজ উপাদান থাকলেও তা একে সাদা চিনির তুলনায় উল্লেখযোগ্যভাবে স্বাস্থ্যকর করে তোলে না।
বরং বাদামি চিনিকে স্বাস্থ্যকর মনে করে অনেকে প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করেন। এতে অজান্তেই প্রতিদিনের মোট চিনির পরিমাণ বেড়ে যেতে পারে।
রক্তে শর্করা বাড়ায় কতটা
অনেকের ধারণা, সাদা চিনির তুলনায় বাদামি চিনি রক্তে শর্করার মাত্রা কম বাড়ায়। তবে এ ধারণার সাথেও একমত নন নুপুর গুলাটি।
তিনি জানান, গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) দিয়ে কোনো খাবার খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা কত দ্রুত বাড়তে পারে, তা বোঝানো হয়। সাদা চিনির জিআই প্রায় ৬৫। বাদামি চিনির জিআইও প্রায় একই। কারণ, দুই ধরনের চিনির রাসায়নিক গঠন প্রায় অভিন্ন।
তাই শুধু রং দেখে বাদামি চিনিকে ভালো বিকল্প মনে করার সুযোগ নেই। কোন ধরনের চিনি খাওয়া হচ্ছে, তার চেয়ে প্রতিদিন কতটুকু চিনি গ্রহণ করা হচ্ছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।
চিনির বিকল্প কি সত্যিই স্বাস্থ্যকর
সাদা ও বাদামি চিনির বাইরে মধু, গুড়, নারকেলের চিনি ও অ্যাগেভের মতো উপাদানও চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এসব উপাদানে সামান্য কিছু খনিজ ও উদ্ভিজ্জ উপকারী যৌগ থাকতে পারে। এ কারণে অনেকেই এগুলোকে সাধারণ চিনির চেয়ে ভালো মনে করেন।
নুপুর গুলাটির মতে, এসব বিকল্প উপাদানেও চিনি থাকে। ফলে এগুলো গ্রহণ করলেও শরীরে মোট চিনির পরিমাণ বাড়ে।
মধু ও নারকেলের চিনির গ্লাইসেমিক ইনডেক্স সাধারণত ৫৪ থেকে ৫৮-এর মধ্যে থাকে। অন্যদিকে সাধারণ টেবিল চিনির জিআই প্রায় ৬৫। অ্যাগেভে ফ্রুক্টোজের পরিমাণ বেশি হওয়ায় এটি খাওয়ার পর রক্তে শর্করার তাৎক্ষণিক বৃদ্ধি তুলনামূলক কম হতে পারে। তবে এ কারণে অ্যাগেভকে স্বয়ংক্রিয়ভাবে স্বাস্থ্যকর বিকল্প বলা যায় না।
বিশেষজ্ঞের পরামর্শ হলো, প্রাকৃতিক উৎস থেকে পাওয়া গেলেই কোনো মিষ্টিজাতীয় উপাদান ইচ্ছামতো খাওয়া উচিত নয়। মধু, গুড় কিংবা বাদামি চিনি সব ক্ষেত্রেই পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি। সুস্থ থাকতে চিনির ধরন নিয়ে অতিরিক্ত চিন্তা না করে প্রতিদিনের সামগ্রিক চিনি গ্রহণ কমানোর দিকেই বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।


