অতীতের মানসিক আঘাত, বেদনাদায়ক স্মৃতি ও অমীমাংসিত সমস্যার প্রভাব অনেক সময় দীর্ঘদিন ধরে মানুষের চিন্তাভাবনা, আচরণ এবং সম্পর্কের ওপর থেকে যায়। সময়ের সাথে কেউ এসব অভিজ্ঞতা কাটিয়ে উঠতে পারলেও অনেকে পুরোনো কষ্টের ভার বয়ে বেড়ান। এতে সিদ্ধান্ত গ্রহণ, ব্যক্তিগত সম্পর্ক ও স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হতে পারে। তবে অতীতের স্মৃতি মুছে ফেলা সম্ভব না হলেও সচেতনতা, ইতিবাচক চিন্তা এবং কিছু অভ্যাসের মাধ্যমে এর নেতিবাচক প্রভাব কমানো যায়।
সম্প্রতি মানসিক সুস্থতা নিয়ে প্রকাশিত এক পরামর্শমূলক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের মধ্যে জমে থাকা মানসিক চাপ ও নেতিবাচক চিন্তার ধরন শনাক্ত করাই আবেগীয় মুক্তির প্রথম ধাপ। অতীতের অভিজ্ঞতা কীভাবে বর্তমান আচরণকে প্রভাবিত করছে, তা বুঝতে পারলে ধীরে ধীরে সেই প্রভাব কাটিয়ে ওঠার পথ তৈরি হয়।
মানসিক বোঝা কী
মানসিক বোঝা বা ‘ইমোশনাল ব্যাগেজ’ বলতে অতীতের আঘাত, হতাশা, কষ্টদায়ক স্মৃতি এবং দীর্ঘদিন ধরে জমে থাকা নেতিবাচক অনুভূতিকে বোঝায়। শৈশবের কোনো তিক্ত অভিজ্ঞতা, নির্যাতন কিংবা খারাপ সম্পর্ক থেকে এমন মানসিক বোঝা তৈরি হতে পারে। এসব অভিজ্ঞতা যথাযথভাবে সামাল দিতে না পারলে তা পরবর্তী জীবনেও প্রভাব ফেলতে পারে।
নিজের প্রতিক্রিয়ার ধরন বুঝুন
অনেক সময় পুরোনো নেতিবাচক স্মৃতি অবচেতনভাবেই মনে ফিরে আসে। কোনো ঘটনা, ব্যক্তিগত দ্বন্দ্ব কিংবা অন্যের অসম্মতি সেই স্মৃতিকে উসকে দিতে পারে। এর ফলে উদ্বেগ, নিরাপত্তাহীনতা ও প্রত্যাখ্যাত হওয়ার ভয় তৈরি হয়।
কখনো বর্তমানের কোনো পরিস্থিতিতে আমাদের প্রতিক্রিয়া প্রয়োজনের তুলনায় বেশি তীব্র হয়ে ওঠে। এর পেছনে অতীতের কোনো অভিজ্ঞতা কাজ করতে পারে। তাই নিজের অনুভূতি ও প্রতিক্রিয়ার ধরন খেয়াল করা জরুরি।
নেতিবাচক চিন্তাকে প্রশ্ন করুন
কোনো পরিস্থিতিতে সব সময় সবচেয়ে খারাপ কিছু ঘটবে বলে ভাবা মানসিক চাপ বাড়িয়ে দেয়। ‘আমি কোনো কাজই ঠিকভাবে করতে পারি না’, ‘কেউ আমাকে বোঝে না’ কিংবা ‘সবকিছুতেই ভুল হবে’ এ ধরনের চিন্তা নিজের প্রতি নেতিবাচক ধারণা তৈরি করতে পারে।
এমন চিন্তা এলে সেগুলোকে সত্য ধরে না নিয়ে প্রশ্ন করুন। বাস্তবতা কি সত্যিই এমন, নাকি অন্য কোনো দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করা সম্ভব? নিজের চিন্তাকে এভাবে যাচাই করলে নেতিবাচক মানসিকতা থেকে বেরিয়ে আসা সহজ হতে পারে।
পুরোনো ঘটনা নিয়ে অতিরিক্ত ভাববেন না
অতীতের ভুল, ব্যর্থতা কিংবা হতাশার কথা বারবার মনে করলে বর্তমানের প্রতি মনোযোগ হারিয়ে যায়। পুরোনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন, কিন্তু কেন এমন হয়েছিল, তা নিয়ে অতিরিক্ত ভাবতে থাকলে একই মানসিক চক্রে আটকে পড়ার আশঙ্কা থাকে।
এ ধরনের চিন্তা শুরু হলে মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করুন। নিজের ভাবনাগুলো কাগজে লিখে রাখা, কিছুক্ষণ হাঁটাহাঁটি করা কিংবা দৈনন্দিন কোনো কাজে ব্যস্ত থাকা সহায়ক হতে পারে। অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি, তবে সেই ভুলের জন্য বারবার নিজেকে কষ্ট দেওয়া সমাধান নয়।
নিজের জন্য সুস্থ সীমারেখা তৈরি করুন
অনেকেই নিজের প্রয়োজনের চেয়ে অন্যের প্রত্যাশাকে বেশি গুরুত্ব দেন। অন্যকে অসন্তুষ্ট করার ভয় থেকে অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজে সম্মতি দেন। এভাবে নিজের সময়, শক্তি ও আবেগের ওপর বাড়তি চাপ তৈরি হয়।
নিজের সুস্থতা বজায় রাখতে ব্যক্তিগত সীমারেখা বা ‘হেলদি বাউন্ডারি’ নির্ধারণ করা প্রয়োজন। নিজের প্রয়োজন ও অবস্থান বিনয়ের সঙ্গে প্রকাশ করার অভ্যাস গড়ে তুলুন। প্রতিটি সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া কিংবা অন্যের প্রতিক্রিয়ার দায় নেওয়া জরুরি নয়। মনে রাখতে হবে, নিজের সীমা নির্ধারণ করা স্বার্থপরতা নয় বরং সুস্থ সম্পর্ক বজায় রাখার একটি উপায়।
আবেগ প্রকাশের সুযোগ দিন
দুঃখ, রাগ কিংবা হতাশার মতো অনুভূতি জোর করে চেপে রাখার প্রয়োজন নেই। কঠিন কোনো আবেগ অনুভব করার জন্য নিজেকে দোষী ভাবাও ঠিক নয়। বরং নিজের অনুভূতিগুলোকে স্বীকার করে সেগুলো সামলানোর চেষ্টা করা উচিত।
ডায়েরি লেখা, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, শরীরচর্চা কিংবা বিশ্বস্ত কারও সাথে কথা বলা মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে। আবেগ প্রকাশের পাশাপাশি সেগুলোর কারণে যেন নেতিবাচক চিন্তার মধ্যে ডুবে যেতে না হয়, সেদিকেও খেয়াল রাখা জরুরি।
প্রয়োজনে পেশাদার সহায়তা নিন
কিছু মানসিক আঘাত ও নেতিবাচক চিন্তার ধরন এতটাই গভীর হতে পারে যে, একা সেগুলো কাটিয়ে ওঠা কঠিন হয়। তীব্র উদ্বেগ বা দীর্ঘদিনের মানসিক চাপ যদি ব্যক্তিগত সম্পর্ক, ঘুম কিংবা দৈনন্দিন কাজকর্মে বাধা সৃষ্টি করে, তাহলে পেশাদার থেরাপিস্টের সহায়তা নেওয়া যেতে পারে।
মানসিক সুস্থতার জন্য নিজের অনুভূতি বোঝা, অতীতের অভিজ্ঞতাকে মেনে নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা চাওয়া গুরুত্বপূর্ণ। অতীতকে বদলে ফেলা সম্ভব নয়, তবে সেই অভিজ্ঞতা যেন বর্তমান ও ভবিষ্যৎ জীবনকে নিয়ন্ত্রণ করতে না পারে, সে বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।


