...|...|...

লাইফস্টাইল

আজ বিশ্ব টেলিভিশন দিবস

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সকাল ৯:০১
Shares
আজ বিশ্ব টেলিভিশন দিবস

টেলিভিশন। ছবি: সংগৃহীত

টেলিভিশন আধুনিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বিনোদন, শিক্ষা, তথ্য ও সংবাদ-সব ক্ষেত্রেই এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের কার্টুন থেকে শুরু করে বড়দের সংবাদ, নাটক ও সিনেমা-সব বয়সী মানুষের কাছে টেলিভিশন বিনোদন ও তথ্যের অন্যতম প্রধান মাধ্যম। দীর্ঘ সময় ধরে প্রযুক্তির পরিবর্তনের সাথে তাল মিলিয়ে টেলিভিশন তার গুরুত্ব ধরে রেখেছে।

আজ ২১ নভেম্বর, বিশ্ব টেলিভিশন দিবস। ১৯২৬ সালের ২১ নভেম্বর স্কটিশ বিজ্ঞানী জন লোগি বেয়ার্ড প্রথম কার্যকর টেলিভিশন প্রদর্শন করেন। টেলিভিশন প্রযুক্তির এই ঐতিহাসিক অগ্রযাত্রাকে স্মরণ করতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়।

টেলিভিশন শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘টেলি’ এবং লাতিন শব্দ ‘ভিশন’ থেকে। ‘টেলি’ অর্থ দূরত্ব এবং ‘ভিশন’ অর্থ দেখা। অর্থাৎ দূর থেকে ছবি দেখার মাধ্যমই টেলিভিশন। এর মাধ্যমে একইসাথে ছবি দেখা ও শব্দ শোনা সম্ভব।

একসময় টেলিভিশনই প্রথম বিশ্বকে মানুষের ঘরের ভেতরে নিয়ে আসে। এর মাধ্যমে ঘরে বসেই বিশ্বের নানা প্রান্তের খবর, ঘটনা ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়।

পঞ্চাশের দশকে টেলিভিশন গণমাধ্যম হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বাংলাদেশেও টেলিভিশন সম্প্রচারের ইতিহাস বেশ সমৃদ্ধ। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকায় তৎকালীন ডিআইটি ভবন থেকে সাদাকালো সম্প্রচারের মাধ্যমে যাত্রা শুরু করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। পরবর্তী সময়ে ১৯৮০ সালে দেশে রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয়। বর্তমানে সরকারি সম্প্রচারমাধ্যম হিসেবে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও সংসদ টেলিভিশন কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোও সংবাদ, বিনোদন ও বিভিন্ন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

টেলিভিশনের মূল প্রযুক্তি হলো শব্দ ও ছবিকে সংকেতে রূপান্তর করে বেতার তরঙ্গ বা অন্যান্য যোগাযোগব্যবস্থার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো। এ প্রক্রিয়ায় প্রধানত তিনটি অংশ কাজ করে। প্রথমত, টিভি ক্যামেরা, যা ছবি ও শব্দকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে। দ্বিতীয়ত, টিভি ট্রান্সমিটার, যা এসব সংকেত সম্প্রচারের মাধ্যমে প্রেরণ করে। তৃতীয়ত, টেলিভিশন সেট বা রিসিভার, যা সংকেত গ্রহণ করে আবার ছবি ও শব্দে রূপান্তরিত করে দর্শকের সামনে উপস্থাপন করে।

টেলিভিশনে প্রদর্শিত ছবি মূলত অসংখ্য স্থিরচিত্রের সমন্বয়ে তৈরি। ক্যামেরার মাধ্যমে দ্রুতগতিতে পরপর অনেকগুলো ছবি ধারণ করা হয়। পরে সেগুলো একই ধারাবাহিকতায় দ্রুত প্রদর্শন করা হলে মানুষের চোখে চলমান দৃশ্যের অনুভূতি তৈরি হয়। একে বলা হয় চলচ্চিত্র বা ভিডিও। দ্রুতগতিতে ছবির পরিবর্তন ঘটলেও মানুষের চোখ তা আলাদাভাবে শনাক্ত করতে পারে না। এভাবেই স্থিরচিত্রের সমন্বয়ে তৈরি হয় চলমান ছবি।

সময়ের সাথে প্রযুক্তির বিবর্তনে সাদাকালো টেলিভিশন থেকে রঙিন টেলিভিশন, এরপর এলসিডি, এলইডি, স্মার্ট টিভি এবং ইন্টারনেটভিত্তিক সম্প্রচারব্যবস্থার বিকাশ ঘটেছে। এখন টেলিভিশন শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং শিক্ষা, জনসচেতনতা, তথ্যপ্রবাহ ও বিশ্বসংযোগেরও গুরুত্বপূর্ণ হাতিয়ার।