গর্ভধারণের ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে সন্তান জন্ম নিলে তাকে অকাল প্রসব বলা হয়। এ সময় জন্ম নেওয়া শিশুর শ্বাসকষ্ট, সংক্রমণসহ নানা স্বাস্থ্যজটিলতা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় কিছু শারীরিক সমস্যা ও জটিলতার কারণে নির্ধারিত সময়ের আগেই প্রসব শুরু হতে পারে। তবে আগাম লক্ষণগুলো জানা থাকলে সময়মতো চিকিৎসা নেওয়া সম্ভব। স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. চঞ্চল শর্মা অকাল প্রসবের কয়েকটি কারণ, এর আগাম লক্ষণ এবং গর্ভাবস্থায় সুস্থ থাকার করণীয় সম্পর্কে জানিয়েছেন।
অকাল প্রসবের ৬টি সম্ভাব্য কারণ
- সংক্রমণ: জরায়ু, যোনিপথ ও মূত্রনালিতে সংক্রমণ হলে প্রদাহ তৈরি হতে পারে, যা আগেভাগে প্রসবের ঝুঁকি বাড়ায়।
- জরায়ুমুখ দুর্বল হওয়া: প্রসববেদনা শুরুর আগেই জরায়ুমুখ ছোট হয়ে যাওয়া বা খুলতে শুরু করলে অকাল প্রসব হতে পারে।
- একাধিক সন্তান: যমজ বা একাধিক সন্তান গর্ভে থাকলে জরায়ুর ওপর চাপ বাড়ে। ফলে আগেভাগে প্রসবের আশঙ্কা তৈরি হয়।
- গর্ভফুলের সমস্যা: প্লাসেন্টা আগেভাগে আলাদা হয়ে যাওয়া বা জরায়ুমুখ ঢেকে রাখার মতো জটিলতা অকাল প্রসবের কারণ হতে পারে।
- জরায়ুর গঠনগত সমস্যা: জন্মগত ত্রুটি, ফাইব্রয়েড কিংবা জরায়ুতে আগের অস্ত্রোপচারের কারণে ঝুঁকি বাড়তে পারে।
- মায়ের দীর্ঘমেয়াদি রোগ: উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, থাইরয়েড ও অটোইমিউন রোগ গর্ভাবস্থায় জটিলতা তৈরি করতে পারে।
অকাল প্রসবের ৭টি সতর্কসংকেত
- ঘন ঘন পেট শক্ত হওয়া বা জরায়ুতে সংকোচন।
- কোমরের নিচে একটানা ব্যথা।
- তলপেট বা শ্রোণিতে অতিরিক্ত চাপ অনুভব।
- যোনিপথের স্রাবের পরিমাণ বা ধরনে পরিবর্তন।
- মাসিকের মতো ব্যথা বা পেট মোচড়ানো।
- যোনিপথে রক্তপাত।
- হঠাৎ বা ধীরে ধীরে গর্ভের পানি বের হওয়া।
ঝুঁকি কমাতে করণীয়
অকাল প্রসবের সব কারণ প্রতিরোধ করা সম্ভব নয়। তবে নিয়মিত গর্ভকালীন পরীক্ষা, পুষ্টিকর খাবার, দীর্ঘমেয়াদি রোগ নিয়ন্ত্রণ এবং ধূমপান ও মাদক পরিহার ঝুঁকি কমাতে সহায়ক। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওজন বৃদ্ধি এবং গর্ভাবস্থার যত্ন নেওয়াও জরুরি।
কখন চিকিৎসা নেবেন?
৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে পেট শক্ত হওয়া, কোমরব্যথা, রক্তপাত বা পানি বের হওয়ার মতো লক্ষণ দেখা দিলে অপেক্ষা করবেন না। দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন অথবা হাসপাতালে যান।


