...|...|...

জাতীয়

গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন টিআইবির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:২৬ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:০১
Shares
গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন টিআইবির

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ এবং গ্রেফতারের পরও তার সংসদ সদস্য পদ বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে জনপ্রতিনিধিদের জন্য পৃথক ও বাধ্যতামূলক নৈতিক আচরণবিধি প্রণয়নের দাবি জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে টিআইবি জানায়, কিশোরী মরিয়ম খাতুনের সাথে সম্পর্ক, তাকে সংসদে চাকরি দেওয়া এবং তার বাবাকে ঠিকাদারি লাইসেন্স ও সরকারি কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানোর অভিযোগ রয়েছে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে। পরে মরিয়মকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন তিনি।

টিআইবির বিবৃতিতে আরও বলা হয়, দলীয় তদন্তে ‘নৈতিক স্খলন’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করা হয়। মরিয়ম খাতুনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেফতারের পর তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইফতেখারুজ্জামান বলেন, এসব অভিযোগের ফৌজদারি দায় নির্ধারণের এখতিয়ার আদালতের। তবে একজন সংসদ সদস্যের নৈতিকতা, ক্ষমতার ব্যবহার এবং জনগণের আস্থার বিষয়েও সংসদের জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব রয়েছে।

তিনি আরও বলেন, সংবিধানের ৬৬(২)(ঘ) অনুযায়ী, নৈতিক স্খলনজনিত কোনো অপরাধে অন্তত দুই বছরের কারাদণ্ড হলে সংসদ সদস্য হওয়ার অযোগ্যতা তৈরি হয়। তবে গুরুতর নৈতিক স্খলন, ক্ষমতার অপব্যবহার এবং সংসদের মর্যাদা ক্ষুণ্নকারী আচরণের ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করা প্রয়োজন।

জনপ্রতিনিধিদের জন্য পৃথক নৈতিক আচরণবিধি ও এ সংক্রান্ত আইন প্রণয়নের দাবি দীর্ঘদিনের বলে উল্লেখ করেছে টিআইবি। সংস্থাটির মতে, জনপ্রতিনিধিদের আচরণ ও জবাবদিহির বিষয়ে সুস্পষ্ট বিধান থাকলে জনগণের আস্থা ও সংসদীয় প্রতিষ্ঠানের মর্যাদা আরও সুদৃঢ় করা সম্ভব।