...|...|...

সারাদেশ

গাজীপুরে গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩৮ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪৩
Shares
গাজীপুরে গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টসে লাগা আগুন প্রায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বেলা ৩টার দিকে কারখানাটির আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা ৩টার দিকে কারখানাটির তৃতীয় তলায় আগুন লাগে। পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে আগুনের তীব্রতা বাড়লে কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। নয়টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের সৃষ্ট ধোঁয়ায় ৬৯ জন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এছাড়া আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকা এবং কারখানাটিতে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, শনিবার বেলা ৩টার দিকে গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় একটি গার্মেন্টস কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।