বাকিতে সিগারেট না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এতে দোকানমালিক ইব্রাহিম খলিল (৪৫) দগ্ধ হয়েছেন। পুড়ে গেছে দোকানের অধিকাংশ মালামাল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে।
দগ্ধ ইব্রাহিম খলিল চেংজানা গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি সাহিতপুর বাজারে মনোহারি দোকান চালান। অভিযুক্ত যুবক সুমন মিয়া একই গ্রামের কাদের নেওয়াজের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন প্রায়ই খলিলের দোকান থেকে বাকিতে পণ্য নিতেন। তবে টাকা পরিশোধ করতেন না। বৃহস্পতিবার রাতে তিনি আবারও বাকিতে সিগারেট চান। খলিল সিগারেট দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, বাগ্বিতণ্ডার একপর্যায়ে সুমন দোকানের সামনে রাখা একটি বোতল থেকে পেট্রোল নিয়ে দোকানের ভেতরে ছিটিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধ হন দোকানি ইব্রাহিম খলিল।
পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে খলিলকে উদ্ধার করেন। তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, আগুনে খলিলের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তার অবস্থা গুরুতর।
ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে সুমন মিয়া পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। দগ্ধ খলিলের স্বজনরা ঢাকায় চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এলাকায় ফিরে থানায় মামলা করবেন বলে পুলিশকে জানিয়েছেন।


