...|...|...

সারাদেশ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৭ কারখানা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০
Shares
গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৭ কারখানা

ছবি: টাইমস টুডে

শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের মুখে গাজীপুরের ১৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় আরও দুটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি দেওয়া হয়েছে। শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সোমবার (১৬ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নেন। পরে তারা একত্র হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে যান। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এর প্রভাবে কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ এবং ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ৬৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, শিল্পাঞ্চলে অন্যান্য বাহিনীর পাশাপাশি ছয় প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ধারাবাহিক শ্রমিক অসন্তোষের কারণে শ্রম আইন অনুযায়ী ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সোমবারের জন্য আরও দুটি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময় কারখানা দুটি খুলে দিতে পারবে।

তিনি আরও জানান, কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বিজিবি, ছয় প্লাটুন আনসার ও এসআরবির সাতটি টহল গাড়ি মোতায়েন রয়েছে।