...|...|...

বিশ্ব

গাজায় গণহত্যার প্রতিবাদে লন্ডনে লাখো মানুষের সমাবেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, রাত ১১:২৫
Shares
গাজায় গণহত্যার প্রতিবাদে লন্ডনে লাখো মানুষের সমাবেশ

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিশাল সমাবেশ করেছেন ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা। শনিবারের (১০ অক্টোবর) এ কর্মসূচি থেকে ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা এবং অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানানো হয়। বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এমব্যাঙ্কমেন্ট এলাকায় জড়ো হয়ে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন ডাউনিং স্ট্রিটের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান। তাঁদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার। সেগুলোতে লেখা ছিল—‘ইসরায়েল শিশুদের লক্ষ্যবস্তু বানায়’, ‘ফিলিস্তিনকে মুক্ত করো’ এবং ‘গণহত্যা বন্ধ করো’।

এ সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। তাঁদের অন্যতম স্লোগান ছিল, ‘নদী থেকে সমুদ্র পর্যন্ত, ফিলিস্তিন হবে স্বাধীন’।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি) জানায়, ইসরায়েল রাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং দেশটির কাছে অস্ত্র সরবরাহ পুরোপুরি বন্ধ করতে সরকারের প্রতি দাবি জানাচ্ছে তারা। সংস্থাটির অভিযোগ, তিন বছর পেরিয়ে গেলেও গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

পিএসসির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত আড়াই লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। ধ্বংস হয়েছে অঞ্চলটির প্রায় ৯০ শতাংশ অবকাঠামো।

এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েলি হামলায় আরও ১ হাজার ৪৫৪ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৯০ জন আহত হয়েছেন।

এদিকে, মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নির্ধারিত পথ অনুসরণ করে বিক্ষোভকারীদের হোয়াইটহলে গিয়ে সমাবেশ করার কথা। ভিক্টোরিয়া এমব্যাঙ্কমেন্ট থেকে শুরু হয়ে ওয়েস্টমিনস্টার ব্রিজ, ইয়র্ক রোড, ওয়াটারলু ব্রিজ ও স্ট্র্যান্ড হয়ে মিছিলটি সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

পুলিশ আরও জানায়, নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন প্রকাশ করে প্ল্যাকার্ড বহনের অভিযোগে এক নারী ও পুরুষসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৫ সালের ৫ জুলাই সন্ত্রাসবাদ আইনের আওতায় সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়। এর আগে সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে রয়্যাল এয়ার ফোর্সের একটি ঘাঁটিতে ঢুকে দুটি বিমানে রং ছিটিয়ে ক্ষতিসাধনের অভিযোগ ওঠে।

সংগঠনটিকে নিষিদ্ধ করার পর থেকে সেটিকে সমর্থনের অভিযোগে হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের সমাবেশস্থলের কাছাকাছি নিউ স্কটল্যান্ড ইয়ার্ডের বাইরে ইসরায়েলপন্থি একটি দলের অল্পসংখ্যক সদস্যও জড়ো হন।