...|...|...

বিশ্ব

গাজায় ইতিহাসের ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে: জাতিসংঘ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৩৭
Shares
গাজায় ইতিহাসের ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে: জাতিসংঘ

ফাইল ছবি

যুদ্ধের কারণে গাজার অর্থনীতি নজিরবিহীন সংকটে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন (আঙ্কটাড)। সংস্থাটির ভাষ্য, বিশ্বের ইতিহাসে গাজায় এখন সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটগুলোর একটি চলছে। ধ্বংস হয়ে গেছে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান, কর্মহীন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে আঙ্কটাড জানায়, গাজার ৯২ শতাংশ অর্থনৈতিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত কিংবা পুরোপুরি ধ্বংস হয়েছে। এর ফলে অঞ্চলটির অর্থনৈতিক কর্মকাণ্ড কার্যত ভেঙে পড়েছে।

আঙ্কটাডের ভারপ্রাপ্ত মহাসচিব পেদ্রো ম্যানুয়েল মোরেনো বলেন, ইসরায়েলের সামরিক অভিযানের প্রভাবে গাজার অর্থনীতি ধসে পড়েছে। এতে কয়েক দশকের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নস্যাৎ হয়েছে এবং গাজার বাসিন্দারা ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে গাজায় দৈনিক মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমে দাঁড়িয়েছে মাত্র ০.৫৮ ডলারে। একই সময়ে ২০২২ সালের তুলনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে ২৭৪ শতাংশ।

সংস্থাটির তথ্য অনুযায়ী, যুদ্ধের প্রভাবে উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সাধারণ মানুষের আয় ও ক্রয়ক্ষমতা কমার পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে।

আঙ্কটাড বলছে, অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার এবং মানুষের জীবিকা ফিরিয়ে আনতে বিপুল পরিমাণ পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহায়তা প্রয়োজন হবে।