ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার হাসপাতালগুলোতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। হাসপাতালের বৈদ্যুতিক জেনারেটর চালানোর প্রয়োজনীয় জ্বালানি তেল ফুরিয়ে যাওয়ায় এ সতর্কতা দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি তেলের সংকটে হাসপাতালগুলোর বিদ্যমান জেনারেটর যেকোনো সময় যান্ত্রিকভাবে বিকল হয়ে পড়তে পারে। দীর্ঘদিন ধরে জটিল প্রযুক্তিগত ও প্রকৌশলগত পরিস্থিতির মধ্যে জেনারেটরগুলো কোনোমতে সচল রাখা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, হাসপাতালগুলোর জেনারেটর চালু রাখতে প্রতি মাসে ২ হাজার ৫০০ লিটারেরও বেশি জ্বালানি তেল প্রয়োজন। কিন্তু সীমিত পরিমাণে জ্বালানি সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও তাতে জেনারেটরগুলোর কার্যক্ষমতা দীর্ঘায়িত করা যাচ্ছে না।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, দীর্ঘ সময় ধরে একটানা চালু থাকা এবং জরুরি রক্ষণাবেক্ষণের প্রয়োজনের কারণে জেনারেটরগুলোতে জ্বালানি তেলের ব্যবহার বেড়েছে। বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেলে হাসপাতালের জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ বিভাগগুলোর কার্যক্রম ব্যাহত হতে পারে।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালগুলো সচল রাখতে প্রয়োজনীয় জ্বালানি তেল ও যন্ত্রাংশ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে তারা।


