...|...|...

জাতীয়

গত দেড় দশকে ক্ষতিগ্রস্ত শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, রাত ১১:০৭
Shares
গত দেড় দশকে ক্ষতিগ্রস্ত শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে কাজ করছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে।

রাষ্ট্রপতি বলেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। সরকার এই ব্যবস্থাকে নতুন করে সাজিয়ে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)কে এ তথ্য জানান।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, গবেষণা, সার্বিক অগ্রগতি এবং আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অবস্থান সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের বিষয়গুলো রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রপতি।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসন্ন প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।