ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ্জামানকে কুপিয়ে হত্যার ঘটনায় গণপিটুনিতে নিহত ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের (৩১) লাশ ৩৬ ঘণ্টা পর গ্রহণ করতে এসেছেন তার স্ত্রী মিম আক্তার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে স্বামীর লাশ গ্রহণের প্রক্রিয়া সব কাজ শুরু করেন তিনি।
এর আগে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মেহেদীর লাশ নিতে কোনো স্বজন আসেননি। প্রায় ৩০ ঘণ্টা ধরে তার লাশ হাসপাতালের মর্গে রাখা ছিল। স্বজনেরা লাশ নিতে না এলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল পুলিশ।
মেহেদী হাসানের বাড়ি ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকায়। তিনি ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে। রোববার সন্ধ্যায় নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সুরুজ্জামানকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার পর মেহেদী হাসানকে গণপিটুনি দেওয়া হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
হামলার পর থেকে মেহেদীর পরিবারের সদস্য ও স্বজনেরা আতঙ্কে আত্মগোপনে চলে যাওয়ায় কেউ লাশ নিতে আসছিলেন না। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দেওয়া হলে মীম আক্তার হাসপাতালে এসে স্বামীর লাশ গ্রহণ করেন।


