খুলনায় বেড়াতে এসে চা খেতে গিয়ে বিপাকে পড়েছেন গোপালগঞ্জের সাবেক এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। নগরীর কেসিসি মার্কেট এলাকায় স্থানীয় লোকজনের হাতে আটক হওয়ার পর মারধরের শিকার হন তিনি। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রবিবার (২২ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে খুলনা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনের কেসিসি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের কাছে সোপর্দ করা ওই ব্যক্তির নাম শেখ আবেদ আলী। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর সুক্তাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা। তার বাড়ি গোপালগঞ্জের সাতুলিয়া এলাকায়। তার বাবার নাম আসলাম আলী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় কেসিসি মার্কেট এলাকায় চা পান করছিলেন শেখ আবেদ আলী। একপর্যায়ে স্থানীয় কয়েকজন তাকে ঘিরে ফেলেন। পরে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় লোকজন তাকে মারধর করে আটক করেন এবং খুলনা সদর থানা-পুলিশের হাতে তুলে দেন।
খুলনা সদর থানার ডিউটি অফিসার এসআই লাভলী জানান, গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ আবেদ আলীকে স্থানীয় লোকজন আটক করে থানায় সোপর্দ করেছেন। দুপুর ১২টা থেকে ১টার মধ্যে কেসিসি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি থানায় রয়েছেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনও ঘটনাটি নিশ্চিত করেছেন। তবে কী কারণে তাকে স্থানীয়রা আটক করেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


