...|...|...

সারাদেশ

খুলনায় উৎসবমুখর পরিবেশে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, সকাল ৬:৪৬ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, রাত ১২:৩৮
Shares
খুলনায় উৎসবমুখর পরিবেশে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

ছবি: টাইমস টুডে

জাতীয় পতাকার লাল-সবুজ নয়, এদিন খুলনায় উড়ল ভারতের তেরঙা পতাকা। কবিতা, সংগীত, নৃত্য আর নানা প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস।

শনিবার (১৫ আগস্ট) সকালে খুলনা নগরীর শামসুর রহমান রোডে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী আয়োজন। পতাকা উত্তোলন করেন খুলনায় নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার পবন কুমার।

পতাকা উত্তোলনের পর ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া শুভেচ্ছা বার্তা পড়ে শোনান সহকারী হাইকমিশনার পবন কুমার। পরে তিনি উপস্থিত ভারতীয় নাগরিক ও অতিথিদের ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

বক্তব্যে পবন কুমার বলেন, ভারত বর্তমানে শক্তিশালী অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে একটি উন্নয়নশীল ও ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলেছে। বিভিন্ন ধর্ম, মত ও পথের মানুষের পারস্পরিক মেলবন্ধন ভারতের অন্যতম বৈশিষ্ট্য। একই সঙ্গে বাংলাদেশের সাথে ভারতের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি ভারতকে ভবিষ্যতে আরও শক্তিশালী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এরপর বদলে যায় অনুষ্ঠানের আবহ। ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা মৌটুসী দেবের পরিচালনায় শুরু হয় সাংস্কৃতিক পর্ব। ভারতীয় নাগরিকদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। জাতীয় সংগীতের সুরে নৃত্য ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পুরো আয়োজন হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি খুলনায় অবস্থিত রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, খুলনার বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

দিনব্যাপী আয়োজনে ছিল বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র ও সম্মাননাপত্র।

এদিনের আয়োজনে আনুষ্ঠানিকতা আর সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি প্রবাসী ভারতীয়দের মধ্যে তৈরি হয় মিলনমেলার আবহ। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা, দেশাত্মবোধক পরিবেশনা ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে খুলনায় ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন শেষ হয়।