...|...|...

বিশ্ব

ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, সকাল ১১:২৭
Shares
ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো

সান্তিয়াগো পেনা। ছবি: সংগৃহীত

ব্যাংক ধসকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক সংকটের মুখে ক্ষমতা হারিয়েছেন দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। সরকারি অর্থের সাথে সংশ্লিষ্ট একটি ব্যাংকের পতনে লাখ লাখ মানুষের সঞ্চয় আটকে যাওয়ার ঘটনায় দায়িত্ব পালনে অসদাচরণের অভিযোগে তাকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করেছে দেশটির সিনেট। ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে গৃহবন্দি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দেশটির সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে উপস্থিত ৪৪ জন সদস্যের সবাই পেনাকে অপসারণের পক্ষে ভোট দেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পেনার অপসারণের পরপরই নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা। ২০২৩ সালে পেনা ক্ষমতায় আসার পর থেকে তার প্রশাসনে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন আলিয়ানা। নতুন প্রেসিডেন্ট হিসেবে তিনি ২০২৮ সালের আগস্ট পর্যন্ত অবশিষ্ট মেয়াদে দায়িত্ব পালন করবেন।

এপির প্রতিবেদন অনুযায়ী, প্যারাগুয়ের উয়েনো ব্যাংকের পতনে দেশটির প্রায় ৬০ লাখ মানুষের অর্ধেকই নিজেদের জমা অর্থ ব্যবহারের সুযোগ হারিয়েছেন। হঠাৎ ব্যাংকটির কার্যক্রমে বিপর্যয় দেখা দেওয়ায় লাখ লাখ গ্রাহকের সঞ্চয় আটকে যায়। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার পাশাপাশি দেশটির আর্থিক ব্যবস্থায় ব্যাপক অস্থিরতা তৈরি হয়।

প্রেসিডেন্টের বিরুদ্ধে সিনেটের এই সিদ্ধান্ত আসে ব্যাংকটি নিয়ন্ত্রক সংস্থার নিয়ন্ত্রণে নেওয়ার মাত্র তিন দিন পর। ব্যাংক ধসের ঘটনায় সৃষ্ট সংকট একপর্যায়ে দেশটির রাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে।

পেনার বিরুদ্ধে দায়িত্বে অসদাচরণের পাশাপাশি আস্থাভঙ্গ, প্রভাব খাটানো এবং সরকারি পদ ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

সিনেটের রায় ঘোষণার পর রাজধানী আসুনসিওনে কংগ্রেস ভবনের বাইরে অপেক্ষমাণ মানুষের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত আমানতকারী, অবসরপ্রাপ্ত নাগরিক ও জাতীয় ফুটবল দলের জার্সি পরা শিক্ষার্থীরা প্যারাগুয়ের পতাকা হাতে আনন্দ প্রকাশ করেন। এ সময় অনেকে গান গেয়ে এবং একে অপরকে জড়িয়ে ধরে ক্ষমতাচ্যুতির সিদ্ধান্তকে স্বাগত জানান।

বিক্ষোভকারীদের মুখে শোনা যায়, ‘আর কখনও স্বৈরশাসন নয়!’

১৯৮৯ সালে জেনারেল আলফ্রেদো স্ত্রোসনারের দীর্ঘ ৩৫ বছরের স্বৈরশাসনের অবসানের পর অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া দ্বিতীয় প্রেসিডেন্ট হলেন সান্তিয়াগো পেনা।