শীতের আগে ত্বককে কোমল, মসৃণ ও উজ্জ্বল করে তুলতে চান? শুধু মুখের যত্ন নিলেই তো হবে না, শরীরের ত্বকেরও প্রয়োজন নিয়মিত পরিচর্যা। এজন্য অনেকেই বেছে নেন বডি পলিশিং।
তবে ব্যস্ত জীবনে বারবার পার্লারে যাওয়ার সময় বা সুযোগ সবার থাকে না। আবার ঘন ঘন পার্লারে গিয়ে অর্থ ব্যয় করতেও চান না অনেকে। তাই চাইলে ঘরেই কিছু সহজ উপকরণ ব্যবহার করে নিতে পারেন বডি পলিশিংয়ের যত্ন।
বডি পলিশিংয়ের মূল উদ্দেশ্য হলো ত্বকের উপরিভাগে জমে থাকা মৃত কোষ দূর করা, ত্বক পরিষ্কার রাখা এবং প্রয়োজনীয় আর্দ্রতা জোগানো। এতে ত্বক তুলনামূলক মসৃণ ও কোমল দেখায়। তবে এর জন্য খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই। ঘরে থাকা কয়েকটি পরিচিত উপকরণ দিয়েই ধাপে ধাপে নিতে পারেন শরীরের ত্বকের যত্ন।
ঘরে বসে বডি পলিশিং করার পদ্ধতি
প্রথমে ত্বক পরিষ্কার করুন
বডি পলিশিংয়ের প্রথম ধাপ হলো ত্বক ভালোভাবে পরিষ্কার করা। হালকা গরম পানি দিয়ে গোসল করুন। এ সময় মৃদু সাবান বা বডি ওয়াশ ব্যবহার করতে পারেন। এতে শরীরের ঘাম, ধুলাবালি ও অতিরিক্ত তেল পরিষ্কার হবে। পরিষ্কার ত্বকে পরবর্তী ধাপগুলো অনুসরণ করাও সহজ হবে। খুব গরম পানি ব্যবহার করবেন না, কারণ এতে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।
আলতোভাবে স্ক্রাবিং করুন
বডি পলিশিংয়ের গুরুত্বপূর্ণ ধাপ হলো স্ক্রাবিং। ঘরে স্ক্রাব তৈরি করতে বেসন, সামান্য কফি ও মধু মিশিয়ে নিতে পারেন। প্রয়োজনমতো দুধ যোগ করে ঘন পেস্ট তৈরি করুন। এবার মিশ্রণটি শরীরে লাগিয়ে আলতো হাতে বৃত্তাকার গতিতে ৫-১০ মিনিট ধরে আলতোভাবে মাসাজ করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। খুব জোরে ঘষবেন না। সংবেদনশীল ত্বক, ক্ষত বা র্যাশ থাকলে স্ক্রাবিং এড়িয়ে চলুন। এটি মৃত কোষ দূর করে ত্বককে মসৃণ করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে ।
ত্বকে হালকা ভাপ নিতে পারেন
স্ক্রাবিংয়ের পর হালকা ভাপ (স্টিম) নিলে ভালো ফল পাওয়া যায় । স্টিমিং ত্বকের লোমকূপগুলো খুলে দেয়, যার ফলে ভেতরে জমে থাকা ময়লা সহজে বেরিয়ে আসে । তবে অতিরিক্ত গরম ভাপ ত্বকে জ্বালা বা পোড়ার কারণ হতে পারে। তাই এই ধাপটি বাদ দিলেও সমস্যা নেই। ভাপ নিতে চাইলে নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং দীর্ঘ সময় ভাপ নেবেন না।
ব্যবহার করুন বডি প্যাক
স্ক্রাবিংয়ের পর ত্বকে বডি প্যাক লাগাতে পারেন। এ জন্য মুলতানি মাটি, সামান্য চন্দন গুঁড়া ও গোলাপজল মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। শরীরে লাগিয়ে কয়েক মিনিট রাখুন। প্যাক পুরোপুরি শুকিয়ে ত্বক টানটান হওয়ার আগেই পানি দিয়ে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বক হলে মুলতানি মাটির ব্যবহার সীমিত রাখুন। নতুন কোনো উপকরণ ব্যবহারের আগে ত্বকের ছোট জায়গায় পরীক্ষা করে নেওয়া ভালো।
ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না
বডি পলিশিংয়ের শেষ ধাপ হলো ত্বকে আর্দ্রতা ফিরিয়ে দেওয়া। প্যাক ধুয়ে শরীর আলতোভাবে মুছে নিন। ত্বক সামান্য ভেজা থাকতেই ভালো মানের ময়েশ্চারাইজার লাগান। চাইলে ত্বকের উপযোগী নারিকেল তেল বা আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন। এতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে এবং ত্বক কোমল থাকবে।
বডি পলিশিংয়ের আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন
ত্বকের যত্ন নিতে গিয়ে অতিরিক্ত স্ক্রাবিং করবেন না। সপ্তাহে একবারের বেশি স্ক্রাব করার প্রয়োজন সাধারণত হয় না। ত্বকে অ্যালার্জি, র্যাশ, কাটা বা সংক্রমণ থাকলে এসব উপকরণ ব্যবহার থেকে বিরত থাকুন। লেবুর রস বা অতিরিক্ত সুগন্ধিযুক্ত উপাদানও ত্বকে জ্বালাপোড়া তৈরি করতে পারে। নতুন কোনো প্যাক ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিন।
বডি পলিশিং ত্বকের পরিচর্যার একটি পদ্ধতি, রাতারাতি ত্বকের রং বদলে দেওয়ার উপায় নয়। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, ময়েশ্চারাইজার ব্যবহার এবং রোদে বের হলে সানস্ক্রিন লাগানোর অভ্যাসই ত্বক সুস্থ ও সুন্দর রাখতে সাহায্য করবে।


