প্রতিদিন রান্নায় আদা না হলে যেন স্বাদটাই ঠিক জমে না! চা থেকে শুরু করে তরকারি, ডাল কিংবা চাটনি-প্রায় সব ধরনের রান্নাতেই আদার ব্যবহার রয়েছে। কিন্তু বাজার থেকে কিনে আনা আদা অনেক সময় কয়েক দিনের মধ্যেই শুকিয়ে যায়, নরম হয়ে পড়ে কিংবা তাতে ছত্রাক জমতে শুরু করে।
ফলে পুরোটা ব্যবহার করার আগেই ফেলে দিতে হয়। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে আদা দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। জেনে নিন আদা সংরক্ষণের কার্যকর উপায়-
ফ্রিজে রাখুন কাগজে মুড়িয়ে
কয়েক সপ্তাহের মধ্যে আদা ব্যবহার করতে চাইলে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। প্রথমে আস্ত ও খোসা না ছাড়ানো আদা শুকনো কাগজের তোয়ালে দিয়ে হালকাভাবে মুড়িয়ে নিন। এরপর একটি মুখবন্ধ পাত্র বা ব্যাগে ভরে ফ্রিজে রাখুন। কাগজ অতিরিক্ত আর্দ্রতা শুষে নিতে সাহায্য করে। এতে আদায় ছত্রাক ধরার আশঙ্কা কমে। এভাবে রাখলে সাধারণত তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত আদা ভালো থাকতে পারে।
দীর্ঘদিন রাখতে চাইলে ডিপ ফ্রিজে রাখুন
অনেক দিন আদা ব্যবহার করার পরিকল্পনা থাকলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এজন্য খোসা না ছাড়িয়ে আস্ত আদা একটি ফ্রিজার ব্যাগে ভরে নিন। ব্যাগের ভেতরের অতিরিক্ত বাতাস বের করে মুখ ভালোভাবে বন্ধ করুন। রান্নার সময় প্রয়োজনমতো বের করে সরাসরি গ্রেট করে ব্যবহার করতে পারবেন। গলানোর প্রয়োজন নেই। এভাবে প্রায় তিন থেকে ছয় মাস পর্যন্ত আদা সংরক্ষণ করা যায়।
আগে থেকেই কুচিয়ে বা গ্রেট করে রাখুন
যারা প্রায় প্রতিদিন রান্নায় আদা ব্যবহার করেন, তাদের জন্য এই পদ্ধতি বেশ সুবিধাজনক। একসাথে বেশ কিছুটা আদা গ্রেট করে আইস কিউব তৈরির ট্রেতে ছোট ছোট ভাগে ভরে নিন। এরপর ট্রেটি ডিপ ফ্রিজে রাখুন। আদা জমে গেলে কিউবগুলো বের করে একটি ফ্রিজার ব্যাগে সংরক্ষণ করুন। রান্নার সময় প্রয়োজনমতো একটি বা দুটি কিউব বের করলেই কাজ হয়ে যাবে। এতে প্রতিবার নতুন করে আদা কুচানোর ঝামেলাও কমবে।
পানিতে ডুবিয়ে আদা রাখবেন না
অনেকে খোসা ছাড়ানো আদা পানিতে ডুবিয়ে সংরক্ষণ করেন। কিন্তু এই পদ্ধতি আদা সংরক্ষণের জন্য খুব একটা ভালো নয়। এতে আদা দ্রুত নরম হয়ে যেতে পারে এবং তার স্বাভাবিক গঠন নষ্ট হতে পারে। অতিরিক্ত আর্দ্রতা ব্যাকটেরিয়া বৃদ্ধির আশঙ্কাও বাড়ায়। তাই আদা সংরক্ষণের ক্ষেত্রে পানি ব্যবহার না করাই ভালো। তাই আদা সংরক্ষণের ক্ষেত্রে অপ্রয়োজনীয় আর্দ্রতা এড়িয়ে চলুন।
ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখুন
ফ্রিজে জায়গা না থাকলে আস্ত ও খোসা না ছাড়ানো আদা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখতে পারেন। তবে জায়গাটি হতে হবে শুকনো, ঠান্ডা ও সরাসরি সূর্যের আলো থেকে দূরে। আদা রাখার জন্য বাতাস চলাচল করে এমন পাত্র বেছে নিন। এভাবে রাখলে পরিবেশের ওপর নির্ভর করে ৩ সপ্তাহ ভালো থাকতে পারে। তবে নিয়মিত আদার অবস্থা পরীক্ষা করুন।
কখন বুঝবেন আদা নষ্ট হয়ে গেছে?
আদায় ছত্রাক দেখা দিলে, অস্বাভাবিক দুর্গন্ধ বের হলে কিংবা সেটি অতিরিক্ত নরম ও পিচ্ছিল হয়ে গেলে ব্যবহার করবেন না। আদা কেনার সময় শক্ত, টাটকা ও মসৃণ খোসাযুক্ত টুকরা বেছে নিন। সংরক্ষণের আগে আদা ধুয়ে রাখলে ভালোভাবে শুকিয়ে নিন। কারণ অতিরিক্ত আর্দ্রতা দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। সঠিকভাবে সংরক্ষণ করলে রান্নার প্রয়োজনীয় এই উপাদানটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন।


