বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকার সব পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। পরে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, প্রথমে ইন্টারস্টপ কারখানার সামনে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সড়কে নেমেছেন। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
এদিকে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়াতেও পোশাকশ্রমিকরা বিক্ষোভ করেছেন। সেখানে শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এক শিল্প পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।


