মাঠের লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগালই। বহু নাটকীয়তার পর কেড়ে নেওয়া সেই শিরোপা আপিলের মাধ্যমে ফিরে পেয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে ২০২৫ আফ্রিকান কাপ অব নেশন্সের (আফকন) চ্যাম্পিয়নের স্বীকৃতি পেল দলটি।
কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) আগের রায় বাতিল করে দেওয়ায় ‘লায়ন্স অব তেরাঙ্গা’ খ্যাত সেনেগাল আবারও আফ্রিকার সেরা দল হিসেবে প্রতিষ্ঠিত হলো।
সিএএসের বিবৃতিতে বলা হয়েছে, ‘কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (ক্যাফ) এবং রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশনের (এফআরএমএফ) বিরুদ্ধে আফ্রিকা কাপ অব নেশন্স মরক্কো ২০২৫-এর ফাইনালসংক্রান্ত বিষয়ে সেনেগালিজ ফুটবল ফেডারেশনের (এফএসএফ) করা আপিল বহাল রেখেছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস।
ক্যাফ আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত বাতিল করা হয়েছে এবং ক্যাফ ডিসিপ্লিনারি বোর্ডের সিদ্ধান্ত পুনর্বহাল করা হয়েছে। ফলস্বরূপ, আফকন ২০২৫ ফাইনালের শেষে অর্জিত ফলাফলই (সেনেগালের পক্ষে ১-০) চূড়ান্ত বলে নিশ্চিত করা হলো।’
গত জানুয়ারিতে রাবাতে অনুষ্ঠিত আফকনের ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে মরক্কোকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। কিন্তু এর দুই মাস পর নিয়মবহির্ভূতভাবে মাঠ ছাড়ার অভিযোগে নাটকীয়ভাবে সেনেগালের শিরোপা কেড়ে নেয় ক্যাফ।
ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটের শেষ দিকে আক্রমণের শুরুতে ফাউলের কারণ দেখিয়ে সেনেগালের একটি জয়সূচক গোল বাতিল করেন কঙ্গোলিজ রেফারি জঁ-জ্যাক এনদালা। এর ঠিক পরপরই মরক্কোকে পেনাল্টি দেওয়া হয়, যা স্বাগতিকদের সামনে জয়ের বড় সুযোগ তৈরি করে। রেফারির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাঠে বিশৃঙ্খলা দেখা দেয় এবং সেনেগালের খেলোয়াড়েরা মাঠ ছেড়ে উঠে গেলে খেলা ১৭ মিনিট বন্ধ থাকে।
খেলা ফের শুরু হলে ব্রাহিম দিয়াজের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন সেনেগাল গোলরক্ষক এদুয়ার্দ মেন্ডি। এরপর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে পাপে গেয়ের গোলে জয় নিশ্চিত করে সেনেগাল। তবে মরক্কো দাবি তুলেছিল, সেনেগালের মাঠ ছাড়ার সিদ্ধান্তেই ম্যাচটি শেষ হয়ে যাওয়া উচিত ছিল, যা কার্যকরভাবে ম্যাচ পরিত্যাগের (ফরফিট) শামিল।
গত মার্চে ক্যাফ আপিল বোর্ড মরক্কোর সেই যুক্তির পক্ষে রায় দিয়ে জানায়, ফাইনাল ম্যাচটি সেনেগাল জাতীয় দল ছেড়ে দিয়েছে বলে ঘোষণা করা হলো এবং ম্যাচের ফল মরক্কোর পক্ষে ৩-০ গোলে নথিভুক্ত করা হচ্ছে। তবে ওই রায়ের বিরুদ্ধে সিএএসে আপিল করে সেনেগাল; দীর্ঘ আইনি লড়াই শেষে এবার নিজেদের প্রাপ্য শিরোপা ফিরে পেল তারা।

