...|...|...

বিশ্ব

কেনিয়া-ইথিওপিয়া সীমান্তে সশস্ত্র হামলায় নারী-শিশুসহ নিহত ৮

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, রাত ১১:৪১
Shares
কেনিয়া-ইথিওপিয়া সীমান্তে সশস্ত্র হামলায় নারী-শিশুসহ নিহত ৮

ছবি: সংগৃহীত

কেনিয়া সীমান্তবর্তী ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নারী ও শিশুসহ অন্তত আটজন সোমালি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বার্তাসংস্থা আনাদোলু জানায়, শনিবার (১৪ নভেম্বর) সকালে দেশটির দাওয়া অঞ্চলের মুবারাক জেলার মালকামারি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের অভিযোগ, সশস্ত্র ওরোমো মিলিশিয়া গোষ্ঠীর সদস্যরা হামলাটি চালিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে একটি পশুপালক জনগোষ্ঠীর বসতিতে হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা। বাসিন্দারা ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে হামলাকারীদের পরিচয় ও ঘটনার বিস্তারিত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে ওরোমো ও সোমালি জনগোষ্ঠীর মধ্যে চলমান জাতিগত উত্তেজনার মধ্যেই এ হামলা ঘটল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই জনগোষ্ঠীর সংঘর্ষ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। এতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এদিকে, কেনিয়ার সীমান্ত শহর মোয়ালের বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার রাতভর ইথিওপিয়ার সীমান্তবর্তী এলাকায় ভারী গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

কেনিয়ার মারসাবিত কাউন্টির গভর্নর মোহামুদ আলী জানিয়েছেন, ইথিওপিয়ায় চলমান সংঘর্ষের সময় সীমান্ত পেরিয়ে আসা গুলিতে দুই কেনীয় নাগরিক নিহত ও ২২ জন আহত হয়েছেন। এ ছাড়া প্রায় ১০ হাজার স্থানীয় বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

তিনি আরও জানান, সহিংসতা থেকে বাঁচতে ইথিওপিয়ার ৫০ হাজারের বেশি মানুষ কেনিয়ায় আশ্রয় নিয়েছেন। এতে সীমান্তবর্তী এলাকায় মানবিক সহায়তার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। সংঘাতের কারণে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও জরুরি সেবাও ব্যাহত হচ্ছে।