কুষ্টিয়ায় একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজসহ সাকিব (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ব্রিজসংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাকিব কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের ওয়াজ শেখের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ও অপরাধবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ওবায়েদুর রহমানের নেতৃত্বে একটি দল হাটশ হরিপুর ব্রিজসংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালায়।
এ সময় সাকিবের গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিবি সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালান। তল্লাশিতে তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফারুকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার সাকিবের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


