...|...|...

খুলনা

বাবার জানাজায় যাওয়ার পথেই ছেলের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৩৩
Shares
বাবার জানাজায় যাওয়ার পথেই ছেলের মৃত্যু

বাবার মৃত্যুর সংবাদে বুকভাঙা কষ্ট নিয়ে শেষবার তাকে দেখতে ও জানাজায় অংশ নিতে ছুটছিলেন ছেলে নূরে আলম জিকু (৩৫)। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—বাবার জানাজায় পৌঁছানোর আগেই সড়কে প্রাণ গেল তারও।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া স্বস্তিপুর বাজার ও চৌড়হাস হাইওয়ে থানার মধ্যবর্তী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত জিকু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর এলাকার জামিন দোকানদারের ছেলে। দুর্ঘটনায় তার মোটরসাইকেলে থাকা আকিদুল ইসলাম নামের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টায় অনুষ্ঠিত হতে যাওয়া বাবার জানাজায় যোগ দিতে মাগুরা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন জিকু। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে একটি অজ্ঞাতনামা যানবাহন তার মোটরসাইকেলটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে অপর একটি দ্রুতগতির যান তার মাথার ওপর দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই জিকুর করুণ মৃত্যু হয়।

চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, ঘাতক যানটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।