...|...|...

সারাদেশ

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০৮
Shares
কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। এ সময় দুই চিকিৎসক, একজন আনসার সদস্যসহ চারজন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাব্বির হোসেনের তিন বছর বয়সী ছেলে রাফি পানিতে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মিরপুর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়ার পর শিশুটির স্বজনসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা চিকিৎসকের কক্ষে ঢুকে অসদাচরণ করেন এবং হাসপাতালের ১১ নম্বর মেডিকেল অফিসারের কক্ষসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালান বলে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ।

মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা বলেন, সকালে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিশুটির স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালান। এতে ডা. আব্দুস সামাদ, ডা. জান্নাতুল রিয়া এবং একজন আনসার সদস্যসহ চারজন আহত হয়েছেন। বিষয়টি থানায় মৌখিকভাবে জানানো হয়েছে।

চিকিৎসক ডা. জান্নাতুল রিয়া বলেন, সন্তান হারানোর ঘটনায় স্বজনদের কষ্ট ও বেদনার বিষয়টি সহানুভূতির সাথে দেখার সুযোগ রয়েছে। তবে হাসপাতালের জরুরি সেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে নিহত শিশুটির স্বজনদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মিরপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।