...|...|...

সারাদেশ

কিছুক্ষণের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ভোর রাত ৫:১৪
Shares
কিছুক্ষণের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা

ছবি: টাইমস টুডে

মোটরসাইকেল ফেরত চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হোসেন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে সাইফুল ইসলামও গুরুতর আহত হয়েছেন। রবিবার (১ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার কাজিরদিঘীর পাড় বাজারে এ ঘটনা ঘটে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। গুরুতর আহত সাইফুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হোসেন মিয়া কাজিরদিঘীর পাড় এলাকার সুলতান আহমেদ ভূইয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ১৮ অক্টোবর দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি একই বাড়ির শাকিল হোসেন কিছুক্ষণের জন্য নেন। এরপর মোটরসাইকেলটি ফেরত দেওয়ার কথা বলে ১৩ দিন পার হলেও তা ফেরত দেননি তিনি।

রবিবার সন্ধ্যার পর সাইফুল ইসলাম তার বাবা হোসেন মিয়াসহ কয়েকজনকে নিয়ে মোটরসাইকেলটি আনতে কাজিরদিঘীর পাড় বাজারে শাকিলের কাছে যান। এ সময় শাকিল হোসেন মোটরসাইকেলটি ফেরত দেওয়া নিয়ে তালবাহানা শুরু করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। পরে শাকিল হোসেন, বিপ্লবসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান। এতে হোসেন মিয়া ও তার ছেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন। নিহত হোসেন মিয়া কাজিরদিঘীর পাড় বাজারে দর্জির কাজ করতেন। তার ছেলে সাইফুল ইসলাম একই বাজারে ওষুধের ফার্মেসি পরিচালনা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।