শ্রমিক সংগঠনগুলো তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে কারখানা বন্ধ না করে শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণের আহ্বান জানিয়েছে। একই সাথে আন্দোলনে গ্রেফতার ট্রেড ইউনিয়ন কর্মী ও শ্রমিকদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং আহতদের চিকিৎসার দাবি জানানো হয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে তৈরি পোশাকশিল্পে চলমান শ্রম পরিস্থিতির প্রেক্ষাপটে গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলোর যৌথ সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মীর আবুল কালাম আজাদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্য ও বাড়িভাড়াসহ জীবনযাত্রার ব্যয়ের অসহনীয় চাপের কারণে মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। এ দাবিতে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে সরকারের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে।
তিনি বলেন, শ্রমিকদের দাবির প্রেক্ষাপটে সর্বশেষ শ্রম আইন সংশোধনীতে পাঁচ বছরের পরিবর্তে তিন বছর করা হয়েছে। ২০২৪ সালে ১৮ দফা ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে বার্ষিক মজুরি বৃদ্ধি ৫ শতাংশের পরিবর্তে ৯ শতাংশ করা হয়েছে। যদিও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির তুলনায় এই বৃদ্ধি খুবই সামান্য ছিল। ২০২৩ সালে মজুরি যৌক্তিকভাবে নির্ধারণ না হওয়ায় শুরু থেকেই শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।
শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে তিন বছরের মাথায় নতুন মজুরি বোর্ড গঠন এবং বোর্ডে শ্রমিক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে শ্রমিক সংগঠনগুলোর মতামতকে সম্মান জানানোকে ইতিবাচক পদক্ষেপ উল্লেখ করে সরকারকে ধন্যবাদ জানান তিনি।
মীর আবুল কালাম আজাদ বলেন, শ্রমিকদের প্রত্যাশা, জীবনযাত্রার ব্যয় এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোসহ (বিবিএস) বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রকাশিত গবেষণার ভিত্তিতে মজুরি বোর্ড একটি যৌক্তিক মজুরি সুপারিশ করবে বলে তারা আশা করেন। সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে, নির্ধারিত মজুরি ২০২৬ সালের ডিসেম্বরে কার্যকর হবে।
শুধু মজুরি বৃদ্ধি শ্রমিকদের সমস্যার সমাধান নয় উল্লেখ করে তিনি বলেন, বাড়িভাড়া নিয়ন্ত্রণ, নিরাপদ আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, যাতায়াত ও নাগরিক সুবিধার বিষয়গুলোতে স্থায়ী সমাধান প্রয়োজন। শ্রমিকদের কারখানা ও কারখানার বাইরের অন্যান্য সমস্যা দ্রুত সমাধানে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে কার্যকর উদ্যোগ নিতে হবে।
কারখানা বন্ধের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, কারখানা বন্ধ কোনো সমাধান নয়। বরং কারখানা বন্ধের মাধ্যমে শ্রমিকদের অনিশ্চয়তা ও অসন্তোষ বাড়বে। বিভিন্নভাবে রাজনৈতিক ও ব্যবসায়িক উসকানি দেওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। শ্রমিকদের ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের চলমান কার্যক্রম বাধাগ্রস্ত হয়, এমন কোনো কর্মকাণ্ড, উসকানি বা অপতৎপরতার সাথে যুক্ত হওয়া যাবে না। কোনো ব্যক্তি বা স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় কোনো পদক্ষেপ নেওয়া যাবে না।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিক আন্দোলনে যেসব ট্রেড ইউনিয়ন কর্মী ও শ্রমিককে হয়রানি এবং গ্রেফতার করা হয়েছে, তাদের মামলা প্রত্যাহার করে মুক্তি দিতে হবে। আহত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কেউ সত্যিকার অর্থে কারখানা ভাঙচুরে জড়িত থাকলে সরকার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারে। তবে তারা মনে করেন, এসব ঘটনায় কোনো শ্রমিক জড়িত নন।
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বর মাস তৈরি পোশাকশিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় উৎপাদন ব্যাহত হলে শিল্পের ব্যাপক ক্ষতি হবে, যা শ্রমিকদের জীবন-জীবিকার ওপর প্রভাব ফেলবে। এ শিল্পের ওপর ৪০ লাখ শ্রমিকের ভাগ্য নির্ভর করছে। তাই শিল্পের উৎপাদন যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে হবে।
সংবাদ সম্মেলনে তৈরি পোশাকশিল্পের মালিকদের প্রতি শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে যৌক্তিক মজুরি নির্ধারণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। একই সাথে শ্রমিকদের কারখানা ও কারখানার বাইরের সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।


