...|...|...

খেলা

কর্মী সেজে ফিফায় হ্যাকারদের হামলা, ১২ জিবি তথ্য চুরি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০৭
Shares
কর্মী সেজে ফিফায় হ্যাকারদের হামলা, ১২ জিবি তথ্য চুরি

ছবি: সংগৃহীত

সাইবার হামলার শিকার হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতে সংস্থাটির কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে। ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি হ্যাকার গ্রুপ এ হামলার দায় স্বীকার করে ১২ গিগাবাইট তথ্য চুরির দাবি করেছে।

বিবিসি স্পোর্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফিফার তথ্য চুরির এ ঘটনায় বিতর্কিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাবনার কোনো নথি বেহাত হয়নি বলে জানা গেছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির ব্যর্থ পরিকল্পনার অংশ ছিল এই প্রস্তাবনা।

এদিকে গোপনীয়তা রক্ষার চুক্তিতে (নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট) সই করার শর্তে চলতি সপ্তাহে ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারম্যান ডেবি হিউইটকে ওই নথিগুলো দেখার অনুমতি দেওয়া হয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ফিফার নিজস্ব প্রযুক্তিগত ত্রুটি থেকে এই তথ্য চুরির ঘটনা ঘটেনি। বরং সংস্থাটির কর্মীদের পরিচয় ব্যবহার করে এবং তাদের সরলতার সুযোগ নিয়ে হ্যাকাররা বিভিন্ন নথিতে প্রবেশ করে।

এক বিবৃতিতে ফিফা জানায়, ‘ফিফা নিশ্চিত করছে যে সংস্থাটি একটি অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে, যার ফলে সীমিত কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে। ফিফা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিবিড়ভাবে কাজ করছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বেআইনিভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশের বিশেষ করে ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় ফিফা তীব্র নিন্দা জানায়। এ ধরনের কর্মকাণ্ড গোপনীয়তার গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন, যা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।’

এদিকে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের হ্যাকার গ্রুপটি গত সপ্তাহে ফিফার কিছু ফাইলের স্ক্রিনশট প্রকাশ করে। একই সাথে তারা দাবি করে, সংস্থাটির প্রায় ১২ গিগাবাইট তথ্য হাতিয়ে নিয়েছে।

তবে বিশ্লেষণে দেখা গেছে, চুরি হওয়া তথ্যের পরিমাণ ফিফার সংরক্ষিত মোট তথ্যের ০.১ শতাংশেরও কম। কোনো নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে নয়, বরং সরাসরি প্রতিষ্ঠানটিকে লক্ষ্য করেই এই সাইবার হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।