কর্ণফুলী টানেল সংযোগ সড়কের নির্মাণকাজ আগামী ২০২৭ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভূমি অধিগ্রহণ জটিলতাসহ নানা কারণে কয়েক দফা মেয়াদ বাড়ানোর পর এবার প্রকল্পের ব্যয়ও বেড়েছে প্রায় ৫৭ কোটি টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের আনোয়ারা থেকে গাছবাড়িয়া পর্যন্ত সড়ক ১৮ ফুট থেকে ৩৪ ফুটে প্রশস্তকরণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, পিএবি সড়কের শিকলবাহা ওয়াই জংশন থেকে কালাবিবি দিঘী মোড় পর্যন্ত ৮ দশমিক ১ কিলোমিটার কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নীতকরণ প্রকল্পের কাজ শুরু হয় ২০২০ সালের ১৪ জানুয়ারি।
প্রাথমিকভাবে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ২৬৬ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৯৪৯ টাকা। তবে ভূমি অধিগ্রহণ জটিলতা, সড়কের ওপর থাকা বিদ্যুতের খুঁটি অপসারণসহ বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। ফলে কয়েক দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়।
সম্প্রতি ভেরিয়েশন অর্ডার-১-এর আওতায় প্রকল্পের একটি প্যাকেজের ব্যয় ৫৬ কোটি ৯০ লাখ ৭ হাজার ৩১৫ টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রকল্পের মোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩২৩ কোটি ৪ লাখ ৭০ হাজার ২৬৫ টাকা।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের আনোয়ারা থেকে গাছবাড়িয়া পর্যন্ত সড়ক ১৮ ফুট থেকে ৩৪ ফুটে প্রশস্তকরণ প্রকল্পও অনুমোদন পায়।
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিটু চাকমা জানান, কর্ণফুলী টানেল সংযোগ সড়ক প্রকল্পের প্রায় ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ আগামী ২০২৭ সালের জুনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
তিনি আরও জানান, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রকল্পের প্রথম সংশোধনীর আওতায় একটি প্যাকেজের ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। একইসাথে আনোয়ারা থেকে গাছবাড়িয়া পর্যন্ত সড়ক প্রশস্তকরণ প্রকল্পও অনুমোদিত হয়েছে।
সওজ সূত্র জানায়, কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটি ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেন নির্মাণ, সড়কের বাঁধ প্রশস্তকরণ এবং মধ্যবর্তী স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে সড়কটির সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পের কাজ শুরু হওয়ার পর থেকেই ভূমি অধিগ্রহণ, সড়কের ওপর থাকা বৈদ্যুতিক খুঁটি অপসারণ এবং নির্মাণ কাজের ধীরগতিসহ বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে বাস্তবায়নে বিলম্ব ঘটে। এসব কারণে কয়েক দফায় প্রকল্পের মেয়াদ বাড়াতে হয়েছে। বর্তমানে কাজের অগ্রগতি প্রায় ৮০ শতাংশ হলেও বাকি কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করাই এখন সংশ্লিষ্টদের লক্ষ্য।


