...|...|...

জাতীয়

কনস্টেবলের স্ত্রীর সাথে ‘শারীরিক সম্পর্ক’, চাকরি হারালেন এএসপি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, রাত ৯:৫৫
Shares
কনস্টেবলের স্ত্রীর সাথে ‘শারীরিক সম্পর্ক’, চাকরি হারালেন এএসপি

ছবি: সংগৃহীত

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলের স্ত্রীর সাথে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

কাজী মিজানুর রহমান অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দিনাজপুর জেলায় কর্মরত ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২০ সালের ১৪ জুলাই থেকে ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ডিএমপির তেজগাঁও ট্রাফিক জোনে কর্মরত ছিলেন কাজী মিজানুর রহমান। এ সময় ২০২২ সালের এপ্রিল মাসে ফেসবুকের মাধ্যমে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলের স্ত্রীর সাথে তার পরিচয় হয়। পরে ওই নারীর সাথে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

বিভাগীয় মামলার নথির সারসংক্ষেপে বলা হয়েছে, এ ঘটনায় দায়ের করা মামলার আদালতের পর্যবেক্ষণেও ওই নারী ও পুলিশ কর্মকর্তার মধ্যে স্বেচ্ছায় শারীরিক সম্পর্কের বিষয়টি উঠে আসে।

বিভাগীয় তদন্তে বলা হয়, পুলিশ কর্মকর্তা হিসেবে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়ে কাজী মিজানুর রহমান বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়।

তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের পরামর্শও নেওয়া হয়। পরে গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বাধ্যতামূলক অবসরের আদেশ জারি করে।