হরমুজ প্রণালীর ‘নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকায়’ প্রবেশ করার চেষ্টা করা একটি তেলবাহী ট্যাংকার আকস্মিক অগ্নিকাণ্ডের শিকার হয়েছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, দেশটির নৌবাহিনীর নজরদারি দলগুলো আবিষ্কার ও শনাক্ত করেছে যে, একটি ‘আইন লঙ্ঘনকারী তেল ট্যাংকার ওমান সাগরের নিষিদ্ধ এলাকায় আগুন লাগার কবলে পড়েছে’। ট্যাংকারটি এর আগে ‘ট্র্যাকিং সিস্টেম বা জিপিএস বন্ধ করে দিয়ে ওমান সাগরের নিষিদ্ধ অঞ্চল অতিক্রম করার চেষ্টা করেছিল’ বলে জানিয়েছে রাষ্ট্রীয় টিভি চ্যানেল আইআরআইবি।
ইরানি নৌবাহিনীর বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, নিষেধাজ্ঞাপ্রাপ্ত রুট এবং এলাকায় এ ধরনের অননুমোদিত চলাচল অন্যান্য জাহাজের জন্য তীব্র নিরাপত্তাহীনতা ও বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে।


