সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় ঘোষণা হবে আজ।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ১৫ জুলাই মামলাটিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।
মামলার নথি অনুযায়ী, আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস কে সুর চৌধুরী ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী দাখিলের জন্য নোটিশ দেয় দুদক। নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী জমা না দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।
দুদক ২০২৪ সালের ২৩ ডিসেম্বর এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করে। পরে ২০২৫ সালের ৪ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। একই বছরের ৬ নভেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
মামলাটিতে মোট ৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। বিচারিক কার্যক্রম শেষে আজ রায়ের দিন ধার্য করা হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুর চৌধুরীকে গ্রেফতার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


