স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১ শাখা) থেকে বিসিএস (পুলিশ) ক্যাডারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে জানানো হয়েছে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
এ ছাড়া পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি পদে এবং শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে রাজারবাগের পুলিশ টেলিকম সংস্থার অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার (ডিআইজি) মো. ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ার পর তাকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।


