বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছেই রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কাঠামোয় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক-এই তিন ধাপে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় এনটিআরসিএর শিক্ষক নিয়োগের সংশোধিত অনুসরণীয় পদ্ধতি এবং নিবন্ধন পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। এতে এনটিআরসিএর চেয়ারম্যান আলিফ রুদাবা, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হেলালুজ্জামান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন কাঠামো অনুযায়ী শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে তিন ধাপে। এগুলো হলো-প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা।
বর্তমানে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সরাসরি মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। নতুন পদ্ধতিতে প্রিলিমিনারির পর লিখিত পরীক্ষা যুক্ত করা হবে। অর্থাৎ প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
পরীক্ষার ধাপ পরিবর্তনের পাশাপাশি শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাসেও পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত সিলেবাস ও শিক্ষক নিয়োগের অনুসরণীয় পদ্ধতির প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হবে।
মন্ত্রণালয়ের অনুমোদনের পর এ বিষয়ে পরিপত্র জারি করা হবে। এরপর নতুন কাঠামো অনুযায়ী শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনা করবে এনটিআরসিএ।
এদিকে শিক্ষক নিয়োগের সুপারিশ এনটিআরসিএর পরিবর্তে অন্য কোনো প্রক্রিয়ায় করার বিষয়ে আগে যে উদ্যোগের কথা আলোচনায় এসেছিল, সেখান থেকেও সরে এসেছে সরকার।
আগের বিতর্কিত রেজুলেশন বাতিল করে এনটিআরসিএর মাধ্যমেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করার ব্যবস্থা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে নতুন পরীক্ষাপদ্ধতি ও নিয়োগ কাঠামো এখনো আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন এবং পরিপত্র জারির পরই নতুন নিয়মে শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও নিয়োগের সুপারিশ কার্যক্রম শুরু হবে।



