...|...|...

জাতীয়

এনআইডির কোন ভুল সংশোধনে কী কী কাগজ লাগবে?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, রাত ৩:৩৫
Shares
এনআইডির কোন ভুল সংশোধনে কী কী কাগজ লাগবে?

ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের সামান্য ভুলও অনেক সময় বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। নামের বানানে ভুল, জন্মতারিখের অসংগতি কিংবা ঠিকানায় গরমিল থাকলে ব্যাংক হিসাব খোলা, পাসপোর্ট তৈরি, জমিজমার লেনদেনসহ বিভিন্ন জরুরি কাজে সমস্যায় পড়তে হয়। তবে এসব ভুল সংশোধনের সুযোগ রয়েছে। তথ্যের ধরন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সংশোধনের আবেদন করা যায়।

এনআইডিতে নিজের নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ কিংবা স্থায়ী ও বর্তমান ঠিকানা সংশোধনের জন্য আলাদা ধরনের নথি প্রয়োজন হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট তথ্যের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা জরুরি।

১. নিজের নাম সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র

জাতীয় পরিচয়পত্রে নিজের নামের বানান বা আংশিক তথ্য সংশোধন করতে সাধারণত যেসব নথি প্রয়োজন হতে পারে-
- এসএসসি, জেএসসি বা পিএসসি সনদ (যা প্রযোজ্য)
- অনলাইন জন্মনিবন্ধন সনদ
- পাসপোর্ট (থাকলে)
- ড্রাইভিং লাইসেন্স (থাকলে)
- সন্তানের জন্মসনদ বা শিক্ষাসনদ (থাকলে)
- কাবিননামা বা বিবাহ সনদ
- স্বামী বা স্ত্রীর এনআইডি
পুরো নাম পরিবর্তন করতে চাইলে এসব নথির পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামাও প্রয়োজন হতে পারে। প্রয়োজনে নির্বাচন কমিশন সরেজমিন তদন্ত করতে পারে।

২. বাবা-মায়ের নাম সংশোধনে যেসব নথি লাগবে

এনআইডিতে বাবা বা মায়ের নামের বানান, পদবি কিংবা পুরো নাম সংশোধনের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে-
- শিক্ষাগত সনদ
- অনলাইন জন্মনিবন্ধন সনদ
- বাবা-মায়ের এনআইডি
- ভাই-বোনদের এনআইডি ও শিক্ষাসনদ
- পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স (থাকলে)
সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে বিদ্যুৎ বিল, করের রশিদসহ অতিরিক্ত প্রমাণপত্রও চাওয়া হতে পারে।

৩. জন্মতারিখ সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র

এনআইডিতে জন্মতারিখ ভুল থাকলে তা সংশোধনের আবেদনের সাথে নিচের নথিগুলো প্রয়োজন হতে পারে-
- এসএসসি, জেএসসি বা পিএসসি সনদ
- অনলাইন জন্মনিবন্ধন সনদ
- ভাই-বোনদের এনআইডি
- ওয়ারিশ সনদ
- কাবিননামা
- পাসপোর্ট
- ড্রাইভিং লাইসেন্স
- সিভিল সার্জনের বয়স নির্ধারণ প্রতিবেদন
- সার্ভিস বুক, এমপিও শিট বা অফিসের প্রত্যয়নপত্র
- অবসরপ্রাপ্তদের পেনশন বই
- মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ

৪. স্থায়ী ও বর্তমান ঠিকানা সংশোধনে যা লাগবে

জাতীয় পরিচয়পত্রে স্থায়ী কিংবা বর্তমান ঠিকানা পরিবর্তন বা সংশোধনের জন্য প্রয়োজন হতে পারে-
- অনলাইন জন্মনিবন্ধন সনদ
- বিদ্যুৎ বিল
- চৌকিদারি কর বা পৌর করের রশিদ
- ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনের প্রত্যয়নপত্র

আবেদনের আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

এনআইডির তথ্য সংশোধনের ক্ষেত্রে আবেদনকারীর চাহিদা ও সংশোধনের ধরন অনুযায়ী নির্বাচন কমিশন অতিরিক্ত কাগজপত্র চাইতে পারে। তাই আবেদনের আগে সংশ্লিষ্ট তথ্যের সাথে মিল রয়েছে, এমন সরকারি নথি প্রস্তুত রাখা ভালো। এতে আবেদন যাচাইয়ের সময় প্রয়োজনীয় প্রমাণপত্র সরবরাহ করা সহজ হবে।