...|...|...

রাজনীতি

এনআইডি-ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩০
Shares
এনআইডি-ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যাচ্ছে। এটি কেবল ব্যক্তিগত তথ্যের ফাঁস নয়, বরং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও স্বাধীনতার ওপর এক ভয়াবহ আঘাত।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল হলে ‘প্রযুক্তি বিপ্লবে জাতীয় সুরক্ষা: সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের উপযুক্ত সাইবার আইন ও প্রযুক্তির সঠিক ব্যবস্থাপনা থাকলে নাগরিকদের ব্যক্তিগত তথ্য এভাবে অন্য দেশে চলে যেতে পারত না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে এবং বিদেশেও অসংখ্য দক্ষ বাংলাদেশি প্রযুক্তিবিদ কাজ করছেন। রাষ্ট্রের দায়িত্ব হলো এই মেধাবীদের কাজে লাগিয়ে দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা। তা না হলে অন্য দেশ আমাদের সব তথ্য পেয়ে নিজেদের মতো করে কলাকৌশল ও পলিসি প্রয়োগের সুযোগ পাবে।

প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, বর্তমানে মানুষের ব্যক্তিগত ফোনালাপ পর্যন্ত ফাঁস হয়ে যাচ্ছে, যা সরাসরি মানবাধিকারের লঙ্ঘন।

প্রযুক্তির উৎকর্ষের সাথে নৈতিকতার মেলবন্ধন ঘটানোর আহ্বান জানিয়ে তিনি বিখ্যাত সাহিত্যিক মেরি শেলির ‘ফ্রাঙ্কেনস্টাইন’ উপন্যাসের উদাহরণ টেনে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি যখন মানুষের নৈতিকতা ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তা সমাজ ও রাষ্ট্রের জন্য বিপর্যয় ডেকে আনে। তাই সাইবার বুলিং ও সাইবার যুদ্ধ মোকাবিলায় কঠোর রেগুলেশন ও আইন প্রণয়ন জরুরি।

রিজভী বলেন, সেমিনারে উঠে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলো সারসংক্ষেপ আকারে নীতিনির্ধারকদের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো উচিত, যাতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।

‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)’ এই সেমিনারের আয়োজন করে।