...|...|...

সারাদেশ

এক দিনও ছুটি নিই না, সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করি: মুক্তিযুদ্ধমন্ত্রী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, রাত ৯:১৯
Shares
এক দিনও ছুটি নিই না, সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করি: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, আমরা যারা মন্ত্রিসভায় আছি, আমাদের প্রত্যেকের দিন শুরু হয় সকাল ৮টায়, আর কাজ শেষ করি রাত ১২টায়। এত কিছুর পরও এক দিনের জন্য ছুটি নিই না। সরকারি কর্মকর্তাদের সপ্তাহে দুই দিন ছুটি থাকে। আমাদের কোনো শুক্রবার নেই, শনিবার নেই। এভাবেই আমরা দিনরাত কাজ করছি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তার দাবি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করছেন।

মন্ত্রী বলেন, আমরা খুব শূন্য হাতে সরকার গঠন করেছি। একেবারে শূন্য হাতে। ড. ইউনূস যে মাসে নির্বাচন দিয়ে বিদায় নিলেন, সেই মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়েছিল। এরপরও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একে একে নির্বাচনি প্রতিশ্রুতি ও ইশতেহার বাস্তবায়ন শুরু করেছেন।

দেশের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা চাই বাংলাদেশ পৃথিবীর বুকে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াক।

নাশকতা ও সহিংসতা থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, এই মুহূর্তে যদি আমাদেরই কোনো সন্তান অর্থনীতি ধ্বংস করার জন্য নাশকতায় নামে, জ্বালাও-পোড়াও করে, তাহলে কি আমরা দেশটা গড়ে তুলতে পারব? আপনাদের কাছে অনুরোধ, আমাদের কারও সন্তান, ভাই বা আত্মীয় যেন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত না হয়।

তিনি বলেন, আমরা দেশটাকে সুন্দর, চমৎকার ও গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। শুধু সরকারের পক্ষে এটা সম্ভব নয়। এ জন্য পুরো জাতির ঐক্য দরকার। আমাদের প্রধানমন্ত্রী বারবার সেই ঐক্যের কথা বলে আসছেন। আসুন, আমরা সবাই মিলে বাংলাদেশ গড়ি।