...|...|...

সারাদেশ

একের পর এক ঘুষের অভিযোগ, প্রশ্নের মুখে লক্ষ্মীপুরের সরকারি সেবা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১৫
Shares
একের পর এক ঘুষের অভিযোগ, প্রশ্নের মুখে লক্ষ্মীপুরের সরকারি সেবা

ছবি: ভিডিও থেকে নেওয়া

লক্ষ্মীপুরে সরকারি সেবা খাতে একের পর এক ঘুষ লেনদেন ও অনিয়মের অভিযোগ সামনে আসছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) লক্ষ্মীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীর টাকা লেনদেনের ভিডিও প্রকাশের পর দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভূমি অফিসে ঘুষ লেনদেন ও সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এতে সরকারি সেবা খাতের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

সম্প্রতি লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ও সুজন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঘুষ লেনদেন এবং সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সামনে আসে। গণমাধ্যমের হাতে আসা একটি ভিডিওর সূত্র ধরে সরেজমিনে গিয়ে ওই ভূমি অফিসে নানা অসংগতি দেখা যায়।

ভুক্তভোগীদের অভিযোগ, নামজারিসহ বিভিন্ন ভূমিসেবা নিতে গেলে সরকারি ফির বাইরে অতিরিক্ত হাজার হাজার টাকা দিতে হয়। টাকা ছাড়া ভূমিসংক্রান্ত কাজ সহজে এগোয় না। এ-সংক্রান্ত একটি ভিডিও গত সোমবার গণমাধ্যমকর্মীদের হাতে আসে।

এরপর বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরেজমিনে ভূমি অফিসে গিয়ে দেখা যায়, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ইসমাইল হোসেন অফিসের বাইরে অবস্থান করছেন। অন্যদিকে সুজন নামে এক ব্যক্তিকে অফিসের ভেতরে বসে থাকতে দেখা যায়। অভিযোগ রয়েছে, নামজারির কাজ নিয়ে সেবাগ্রহীতাদের সাথে তার যোগাযোগের সুযোগ রয়েছে।

তবে উপসহকারী ভূমি কর্মকর্তা ইসমাইল হোসেনের দাবি, তিনি যখন অফিসে থাকেন না, তখন অফিসে অন্য কেউ থাকেন না।

এদিকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে অফিস থেকে সরে যাওয়ার চেষ্টা করেন সুজন। পরে তাকে ঘুষ লেনদেন ও টাকা নেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ব্যক্তিগতভাবে তার অনেক ব্যবসা রয়েছে। সেখানে লোকজন তাকে টাকা দিয়ে যান। তবে ভূমি অফিসে তার কোনো দায়িত্ব নেই, এমনকি তিনি এখানে চাকরিও করেন না বলে স্বীকার করেন তিনি। ফলে সরকারি ভূমি অফিসের ভেতরে দায়িত্বহীন একজন ব্যক্তির অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।

শুধু বাঙ্গাখাঁ ইউনিয়ন ভূমি অফিস নয়, ভূমিসেবার পরিস্থিতি দেখতে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়ন ভূমি অফিসেও যান গণমাধ্যমকর্মীরা। সেখানে গিয়ে দেখা যায়, অফিস থাকলেও কোনো কর্মকর্তা নেই। দরজায় ঝুলছে তালা। 

খোঁজ নিয়ে জানা যায়, সংশ্লিষ্ট কর্মকর্তা নতুন পদায়ন হয়ে সেখানে এসেছেন এবং সেদিনই ছিল তার প্রথম কর্মদিবস। তবে সরকারি সেবার জন্য নির্ধারিত সময়ে অফিস বন্ধ থাকায় সেবাগ্রহীতাদের ভোগান্তি ও দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে লক্ষ্মীপুর পিডিবি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল আমীন ও উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের টাকা লেনদেনের পৃথক ভিডিও প্রকাশ্যে আসে। নির্বাহী প্রকৌশলী নুরুল আমীনের ভিডিও প্রকাশের পর তাকে ওএসডি করা হয়। 

পরবর্তী সময়ে উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের ভিডিও ছড়িয়ে পড়লে তাকেও ঘিরে সমালোচনা তৈরি হয়। এসব ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়।

বিদ্যুৎ বিভাগের ঘটনার পর এবার ভূমি অফিসের অভিযোগ সামনে আসায় সরকারি সেবাপ্রতিষ্ঠানগুলোতে অনিয়ম প্রতিরোধ ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি আলোচনায় এসেছে।

এ বিষয়ে সুশাসন ও দুর্নীতিবিরোধী কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সনাক (টিআইবি) লক্ষ্মীপুরের সদস্য অধ্যাপক জেড এম ফারুকী বলেন, ভূমি অফিসের অনিয়ম নিয়ে টিআইবি দীর্ঘদিন ধরে কাজ করছে। এটি শুধু লক্ষ্মীপুরের চিত্র নয়, সারা দেশের ভূমি খাতেই এ ধরনের সমস্যা রয়েছে। এর সাথে ঊর্ধ্বতন পর্যায়ের অফিসগুলোর সংশ্লিষ্টতার বিষয়ও রয়েছে। অনেক সময় ভূমি কর্মকর্তারা ফোনও ধরেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে আরও কঠোর হতে হবে। তাহলেই নাগরিকরা সঠিক সেবা পাবেন।

বিষয়টি জানতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে গেলে তিনি সরাসরি মন্তব্য করতে রাজি হননি। ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে বক্তব্য দেবেন বলে জানান।

অভিযোগের বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খ্রিসা বলেন, তিনি গণমাধ্যমকর্মীদের কাছ থেকে ভিডিওটি পেয়েছেন। বিষয়টি দেখে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যুৎ বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরও নতুন করে ভূমি অফিসে ঘুষ ও অনিয়মের অভিযোগ সামনে আসায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সরকারি সেবায় অতিরিক্ত অর্থ আদায়, হয়রানি ও অনিয়ম বন্ধে কার্যকর নজরদারি এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।