২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ের ফল প্রকাশের পর অনেক শিক্ষার্থীর মনে প্রশ্ন উঠেছে- কলেজে নির্বাচিত হওয়ার পর ভর্তি নিশ্চায়ন না করলে কি মাইগ্রেশন চালু থাকবে? এর উত্তর হলো, ‘না’। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে মাইগ্রেশনের সুযোগও থাকবে না।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ের ফল একযোগে প্রকাশ করা হয়। ফলাফলে কলেজ পাওয়া শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ৩৪০ টাকা নিশ্চায়ন ফি পরিশোধ করে ভর্তি নির্বাচন নিশ্চিত করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন সম্পন্ন না করলে শিক্ষার্থীর **নির্বাচন ও একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন- দুটিই বাতিল হয়ে যাবে। ফলে পরবর্তী ধাপের মাইগ্রেশনেও অংশ নেওয়ার সুযোগ থাকবে না।
যেভাবে ভর্তি নিশ্চায়ন করতে হবে
ফলাফলে কোনো কলেজে নির্বাচিত হওয়াই ভর্তি প্রক্রিয়ার শেষ ধাপ নয়। নির্বাচিত শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে ৩৪০ টাকা ফি পরিশোধ করে নির্বাচন নিশ্চিত করতে হবে।
এ জন্য প্রথমে একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে নিজের প্রোফাইলে লগইন করতে হবে। এরপর ‘নিশ্চায়ন’ বা ‘কনফার্মেশন’ অপশনে গিয়ে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে ফি পরিশোধ করতে হবে।
ফি দেওয়ার সময় ওয়েবসাইটে দেখানো অনুমোদিত পেমেন্ট মাধ্যম ব্যবহার করতে হবে। টাকা পরিশোধের পর পাওয়া ট্রানজেকশন আইডি ও এসএমএস সংরক্ষণ করে রাখা উচিত। পরে প্রোফাইলে ঢুকে নিশ্চায়নের স্ট্যাটাস সম্পন্ন হয়েছে কি না যাচাই করতে হবে।
কোনো ক্ষেত্রে টাকা কেটে নেওয়ার পরও তাৎক্ষণিকভাবে নিশ্চায়নের স্ট্যাটাস পরিবর্তন না হলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কিছু সময় অপেক্ষা করে আবার প্রোফাইলে ঢুকে স্ট্যাটাস যাচাই করতে হবে। এ সময় ট্রানজেকশন আইডিটি সংরক্ষণ করা জরুরি।
নিশ্চায়নের পরই মাইগ্রেশন
নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীর আবেদনে দেওয়া পছন্দক্রমের ভিত্তিতে এই মাইগ্রেশন হবে।
মাইগ্রেশন হলে সাধারণত শিক্ষার্থীকে বর্তমান কলেজের চেয়ে আবেদনে দেওয়া **উপরের পছন্দের কলেজে** স্থানান্তর করা হয়। অর্থাৎ কোনো শিক্ষার্থী যে কলেজে নির্বাচিত হয়েছে, তার চেয়ে পছন্দক্রমে ওপরে থাকা কলেজে আসন খালি থাকলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সেখানে স্থানান্তর করতে পারে। নিচের পছন্দের কলেজে মাইগ্রেশন করা হয় না।
তবে এই মাইগ্রেশনের জন্য আগে বর্তমান নির্বাচনের নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। নিশ্চায়ন না করলে মূল নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাওয়ায় মাইগ্রেশনের সুযোগও থাকবে না।
মাইগ্রেশন চালু রাখবেন নাকি বন্ধ করবেন?
সাধারণভাবে অটোমাইগ্রেশন ‘হ্যাঁ’ বা ‘ইয়েস’ অবস্থায় থাকে। শিক্ষার্থী চাইলে নিশ্চায়ন সম্পন্ন করার পর নিজের প্রোফাইলে গিয়ে ‘অটো মাইগ্রেশন’ অপশনটি ‘হ্যাঁ’ থেকে ‘না’ করে দিতে পারবেন।
যে শিক্ষার্থী বর্তমানে যে কলেজটি পেয়েছেন, সেটিকেই চূড়ান্তভাবে পছন্দ করেন, তিনি নিশ্চায়নের পর মাইগ্রেশন বন্ধ করতে পারেন।
অন্যদিকে, আবেদনে পাওয়া কলেজের চেয়ে আরও পছন্দের কলেজ থাকলে অটোমাইগ্রেশন চালু রাখা যেতে পারে। সে ক্ষেত্রে ওপরের পছন্দের কোনো কলেজে আসন খালি হলে শিক্ষার্থী সেখানে স্থানান্তরের সুযোগ পাবেন।
তবে বর্তমানে পাওয়া কলেজটি পছন্দ না হলেও নিশ্চায়ন না করে মাইগ্রেশনের অপেক্ষায় থাকা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও মূল আবেদন বাতিল হয়ে যাবে।



