একাত্তরের পরাজিত শক্তিরা ভারতে সাথে হাত মিলিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, এখন একাত্তরের পরাজিত শক্তিরা ভারতের সাথে হাত মিলিয়েছে। এদিকে ভারত থেকে হুংকার দেয় তিনি ডিসেম্বরে দেশে ঢুকবেন। আর এখান থেকে উনারা বলেন ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে। একাত্তরের পরাজিত রাজাকার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ দোসররা এই দুই পরাজিত শক্তি এখন একত্রিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নরসিংদীর মনোহরদীতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মনোহরদী জোনাল অফিসের আওতায় কাটাবাড়িয়া অভিযোগ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার কুইক রেন্টালের নামে লক্ষ লক্ষ ডলার বিদেশে পাচার করেছে। আমাদের ৮টা গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। আমাদের বঙ্গোপসাগরের বায়ে মিয়ানমার সমুদ্র থেকে গ্যাস উত্তোলন করে, ডানে ভারত গ্যাস উত্তোলন করে। আর এদিকে ভারতকে খুশি করার জন্য আমাদের দেশে একটা গ্যাস কূপও করে নাই তারা। আমরা এখন অধিক মূল্যে গ্যাস এনে এগুলো চালু করার চেষ্টা করছি। আমরা বিদেশী কোম্পানির মাধ্যমে সমুদ্রে কয়েকটা গ্যাসকূপ খনন করতে যাচ্ছি। ইনশাল্লাহ, সেই কূপগুলো খনন করা হলে পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাব এবং আমরা বিদ্যুৎ উৎপাদন করব।
ভারত সুষ্ঠুভাবে পানি বণ্টন না করলে চায়নার সহযোগিতা নিয়ে তিস্তা ব্যারেজ করে বর্ষার মৌসুমে পানি আটকানো হবে বলেও এ সময় জানান স্বাস্থ্যমন্ত্রী।


