...|...|...

শিক্ষা

এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, রাত ১:৪৬
Shares
এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

ছবি: সংগৃহীত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সম্পূরক পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। আর সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার সুযোগ থাকছে ১৯ নভেম্বর পর্যন্ত।

রবিবার (১৫ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সময় বাড়ানোর এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের বর্ধিত সময় ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম শেষ করতে হবে। অন্যদিকে, সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত।

এদিকে, প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষা। পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

সময়সূচি অনুযায়ী, পরীক্ষার প্রথম দিন সকালে ইংরেজি প্রথম পত্র এবং বিকেলে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১৫ ডিসেম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও শেষ করতে হবে।