গোপালগঞ্জে অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং বিভিন্ন স্থাপনা ও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার ঘটনায় রাষ্ট্রযন্ত্রের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এসব ঘটনাকে রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তিনি।
রবিবার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াতের এই নেতা।
পোস্টে গোলাম পরওয়ার লেখেন, ‘গোপালগঞ্জে যা ঘটছে-নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা, বিভিন্ন স্থাপনা ও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা-এসব দেখে কি মনে হয়, এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের একটি অংশ!’
তিনি বলেন, ‘এটি শুধু সরকারের ব্যর্থতা নয়, বরং রাষ্ট্রযন্ত্রেরও চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ। রাষ্ট্রের সব অঙ্গ, প্রশাসনিক স্থাপনা ও অবকাঠামোর অভিভাবক হিসেবে এগুলোর তত্ত্বাবধান, নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়ন্ত্রণ বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের। অথচ চরম ব্যর্থতার পরিচয় দেওয়া এই রাষ্ট্রের কোনো অভিভাবক আছে কি না, তা এসব ঘটনা দেখে মানুষ বুঝতে পারছে না।’
রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও সরকার ও রাষ্ট্র ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
গোলাম পরওয়ার আরও বলেন, ‘জনগণের কাছে করা ওয়াদা যারা ভঙ্গ করে, গণআকাঙ্ক্ষা ও গণরায়কে যারা উপেক্ষা করে, তাদের প্রতি জনগণের আস্থা থাকার কথা নয়। এই সরকারের সঙ্গে যে জনগণ নেই, রাষ্ট্রের চরম ব্যর্থতাই যেন তার প্রমাণ দিচ্ছে।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে? দেশের মানুষ যখন নিজের চোখে এসব দৃশ্য দেখছে, তখন এমন বক্তব্য তাদের কাছে শুধু হাস্যকরই নয়, বরং বাস্তবতাকে অস্বীকার করার শামিল।’


