...|...|...

তথ্যপ্রযুক্তি

এআই চ্যাটবটকে গালাগাল করা কি ক্ষতিকর, যা বলছে গবেষণা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০৫
Shares
এআই চ্যাটবটকে গালাগাল করা কি ক্ষতিকর, যা বলছে গবেষণা

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের সাথে অপমানজনক ও আক্রমণাত্মক ভাষায় কথা বললে কাঙ্ক্ষিত সমাধান পাওয়ার সম্ভাবনা কমে যায়। গবেষণায় দেখা গেছে, চ্যাটবটের উত্তরে অসন্তুষ্ট হয়ে ব্যবহারকারী ভদ্রভাবে অভিযোগ জানালে সমস্যার সমাধান পাওয়ার হার বেশি থাকে। বিপরীতে, গালাগাল বা অপমানজনক ভাষা ব্যবহার করলে কার্যকর সমাধান পাওয়ার হার উল্লেখযোগ্যভাবে কমে যায়।

এদিকে চ্যাটবটের সাথে অকারণে অপমানজনক, নিষ্ঠুর কিংবা লাগাতার আক্রমণাত্মক আচরণ নিষিদ্ধ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটির নতুন ব্যবহার নীতিমালা গত ১২ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।

এ সিদ্ধান্তের পর এআই চ্যাটবটের সাথে মানুষের আচরণ, চ্যাটবটের অনুভূতি আছে কি না এবং ব্যবহারকারীর ভাষা উত্তরের মানকে কতটা প্রভাবিত করে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকরাডার।

প্রতিবেদন অনুযায়ী, অ্যানথ্রপিকের নতুন নীতিমালার পেছনে চ্যাটবটের প্রতি নৈতিক বিবেচনা কাজ করছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে প্রতিষ্ঠানটি ভবিষ্যতের এআই সিস্টেমের সম্ভাব্য অনুভূতি ও নৈতিক মর্যাদা নিয়ে গবেষণা করেছে। এ কারণে নতুন নীতিমালাকে কেউ কেউ এআইয়ের প্রতি মানবিক আচরণের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন।

গবেষণায় আরও উঠে এসেছে, চ্যাটবটের সাথে ভদ্রভাবে কথা বলা কেবল সামাজিক সৌজন্য নয়, ভালো ও কার্যকর উত্তর পাওয়ার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাই এআইকে অপমান না করে সমস্যাটি স্পষ্টভাবে তুলে ধরে সংশোধন চাইলে তুলনামূলকভাবে বেশি উপকারী ফল পাওয়ার সম্ভাবনা থাকে।

বয়স ও লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নারীদের তুলনায় পুরুষরা চ্যাটবটের সাথে কথোপকথনে প্রায় এক-তৃতীয়াংশ বেশি গালাগাল বা অপমানসূচক শব্দ ব্যবহার করেন। অন্যদিকে, ৩৫ থেকে ৪৪ বছর বয়সীরা এ ধরনের ভাষা ব্যবহারে সবচেয়ে এগিয়ে। অর্থাৎ, চ্যাটবটের সাথে খারাপ আচরণ শুধু নৈতিকতার বিষয় নয়, এর প্রভাব পড়ে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফল পাওয়ার ক্ষেত্রেও।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রতি তিনজন চ্যাটবট ব্যবহারকারীর একজন চ্যাটবটকে গালাগাল করেন কিংবা অপমানজনক কথা বলেন।

বছরব্যাপী ৮০ লাখের বেশি বার্তা বিশ্লেষণ করে গবেষণাটি পরিচালনা করা হয়। এতে দেখা গেছে, কোনো ব্যবহারকারী চ্যাটবটের উত্তরে অসন্তুষ্ট হয়ে গালাগাল না করে অভিযোগ জানালে পরবর্তী উত্তরে ৩৫ শতাংশ ক্ষেত্রে সমস্যার সমাধান পাওয়া যায়। তবে গালাগাল বা অপমানজনক ভাষা ব্যবহার করলে সমাধানের হার কমে ২৪ শতাংশে নেমে আসে।

কেন অপমানজনক ভাষা ব্যবহারে চ্যাটবটের কার্যকারিতা কমে যায়, সে বিষয়ে গবেষকদের সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। তবে বিশেষজ্ঞদের ধারণা, কথোপকথনের ধরন ও প্রেক্ষাপট এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গবেষণায় চ্যাটবটের প্রতি ব্যবহারকারীদের বিরক্তির কারণও তুলে ধরা হয়েছে। এতে দেখা গেছে, ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী কাজ না করায় ১৯ শতাংশ ক্ষেত্রে গালাগাল বা অপমানসূচক ভাষা ব্যবহার করা হয়। ভুল উত্তর দেওয়ার কারণে ১৮ শতাংশ এবং ব্যবহারকারীর কথা বুঝতে না পারার কারণে ১৫ শতাংশ ক্ষেত্রে এমন আচরণ দেখা যায়।