ইরানে আরও বড় পরিসরে সামরিক হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এসব মিত্রদেশের অনুরোধেই আপাতত ইরানের ওপর বড় ধরনের হামলা থেকে বিরত রয়েছে যুক্তরাষ্ট্র। তবে চাইলে মাত্র তিন দিনেই দেশটির জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদনব্যবস্থা ধ্বংস করে দিতে পারেন তিনি।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি চাইলে এখনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন। তবে আঞ্চলিক মিত্রদের অনুরোধে ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রেখেছেন।
ট্রাম্প বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করেছে, আপাতত যেন পরিস্থিতি এমনই থাকতে দিই।’ কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও বর্তমান কৌশল বজায় রাখার পক্ষে বলে জানান তিনি। তবে এ অবস্থানের সাথে তিনি পুরোপুরি একমত নন বলেও উল্লেখ করেন।
মিত্রদেশগুলোর এমন অনুরোধ না থাকলে ইরানে আরও হামলা চালাতেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, চালাতাম।’
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোতে বড় ধরনের হামলা থেকে বিরত রয়েছে। তবে চাইলে এক দিনের মধ্যেই দেশটির জ্বালানি ব্যবস্থা ও সেতু ধ্বংস করে দিতে পারবেন। আর উৎপাদন সক্ষমতা ধ্বংস করতেও লাগবে মাত্র তিন দিন।
এদিকে, যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ে প্রভাব পড়েছে বলে স্বীকার করেছেন ট্রাম্প। তবে ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন তিনি।


