যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে আনুষ্ঠানিকভাবে ইসলামী উৎসব ঈদ উল-ফিতর এবং ঈদ উল-আজহাকে রাষ্ট্রীয় ছুটির স্বীকৃতি দিয়েছে ক্যালিফোর্নিয়া। এর মাধ্যমে অঙ্গরাজ্যটিতে এই ঐতিহাসিক স্বীকৃতি দেওয়া হলো।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অ্যাসেম্বলি সদস্য ম্যাট হানির প্রস্তাবিত ‘অ্যাসেম্বলি বিল ২০১৭’ পাসের ফলে এখন থেকে রাজ্য ও স্কুলগুলোর কর্মচারীরা তাদের বিদ্যমান ব্যক্তিগত ছুটির ক্রেডিট বা প্রাপ্য ছুটি ব্যবহার করে দুটি ঈদই উদযাপন করতে পারবেন। এছাড়া এই আইনের ফলে স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে নির্ধারিত ব্যবস্থ সাপেক্ষে কে-১২ স্কুল এবং কমিউনিটি কলেজগুলোর জন্যও ঈদের দিনে ছুটি পালনের সুযোগ রাখা হয়েছে।
সংবাদ সংস্থা নিউ আরবের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্য, শহর ও স্কুল ডিস্ট্রিক্ট স্থানীয়ভাবে ঈদ উদযাপন করে থাকে, তবে সেগুলোকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় ছুটির মর্যাদা দেওয়া হয় না। এর আগে ২০২৫ সালে ওয়াশিংটন রাজ্য প্রথম মার্কিন অঙ্গরাজ্য হিসেবে এই দুটি উৎসবকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় ছুটি হিসেবে ঘোষণা করেছিল।
উল্লেখ্য, পবিত্র সিয়াম সাধনার মাস রমজানের সমাপ্তি উপলক্ষে উদযাপিত হয় ঈদ উল-ফিতর। অন্যদিকে, মহান আল্লাহর আজ্ঞা পালনে হযরত ইব্রাহিম (আ.) কর্তৃক নিজের পুত্রকে কোরবানি দেওয়ার ত্যাগের মহিমার স্মরণে পালিত হয় ঈদ উল-আজহা। মুসলিম ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে বিবেচিত ঈদ উল-আজহা একই সাথে মক্কায় বার্ষিক হজ পালনের সমাপ্তি নির্দেশ করে, যেখানে ইসলামের পবিত্রতম মসজিদ এবং পবিত্র কাবা শরিফ অবস্থিত।


