...|...|...

বিশ্ব

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা, নিহত ৪

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৪৫ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৪৮
Shares
ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা, নিহত ৪

ছবি: সংগৃহীত

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে টেলিযোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে সৌদি বিমান হামলায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে হুথি-নিয়ন্ত্রিত গণমাধ্যম।

রবিবার (২১ সেপ্টেম্বর) হুথি পরিচালিত আল-মাসিরাহ টিভির প্রতিবেদনে বলা হয়, সৌদি যুদ্ধবিমান আল-জাওফের সৌদি সীমান্তসংলগ্ন একটি এলাকায় টেলিযোগাযোগ টাওয়ার লক্ষ্য করে হামলা চালায়। এতে টেলিযোগাযোগ স্থাপনায় কর্মরত চারজন কর্মী নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়েছে।

হামলার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে রবিবার হুথিরা দাবি করে, গত ২৪ ঘণ্টায় সৌদি যুদ্ধবিমান আল-জাওফ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ এবং তেলসমৃদ্ধ উত্তর-পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশে মোট ২৮টি বিমান হামলা চালিয়েছে।

এদিকে, দক্ষিণ-পশ্চিম ইয়েমেনেও রবিবার তীব্র লড়াই অব্যাহত ছিল। হুথিরা গত ১০ সেপ্টেম্বর লোহিত সাগরের বন্দরনগরী মোচা দখলের পর দক্ষিণে অগ্রসর হয়ে কৌশলগত বাব আল-মানদাব প্রণালীর ধুবাব ও মায়ুন দ্বীপ নিজেদের নিয়ন্ত্রণে নেয়। গুরুত্বপূর্ণ এই জলপথের পাহাড়ি এলাকায় হুথিদের আরও অগ্রযাত্রা ঠেকাতে সরকারি বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে।

২০১৪ সালের শেষ দিকে হুথিরা রাজধানী সানা ও উত্তর ইয়েমেনের বড় অংশ দখল করে নিলে দেশটিতে সংঘাত শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের মার্চে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ শুরু করে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর বড় ধরনের সংঘাত অনেকটা কমে এলেও সাম্প্রতিক হুথি অগ্রযাত্রায় ইয়েমেনের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।