পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাহিদ খানকে বহিষ্কার করা হয়েছে। একই ভিডিওতে তার সাথে থাকা বালিয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমানকেও ইয়াবা সেবনে সহযোগিতা করতে দেখা গেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে খালি গায়ে ইয়াবা সেবনের ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে নাহিদকে ইয়াবা সেবন করতে এবং মিজানুর রহমানকে তাকে এ কাজে সহযোগিতা করতে দেখা যায়।
এ ঘটনার পর শনিবার দুপুরে কলাপাড়া উপজেলা ছাত্রদলের নির্দেশনায় এক চিঠির মাধ্যমে নাহিদ খানকে বহিষ্কার করা হয়। একই সাথে দলের কোনো নেতাকর্মীকে তার সাথে সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে নাহিদ খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী ইয়াদুল ইসলাম তুষার বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জরুরি সিদ্ধান্ত মোতাবেক বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদ খানকে বহিষ্কার করা হয়েছে।
ইয়াদুল ইসলাম আরও জানান, আমার দল যেকোনো অনৈতিক কর্মকাণ্ড থেকে আগে থেকেই বিরত থাকার নির্দেশ দিয়েছে। বাংলাদেশ ছাত্রদল কোনো অপ্রীতিকর ঘটনার সমর্থন করে না।

