নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জিএম মাশরাফি নামে এক কলেজ ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে নড়াইল জেলা ছাত্রদল।
সোমবার (২৪ আগস্ট) রাতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত জিএম মাশরাফি লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন। তিনি লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের বেপারীপাড়ার বাসিন্দা।
জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) জিএম মাশরাফির ইয়াবা সেবনের একটি ভিডিও ও কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
এ ঘটনায় জেলা ছাত্রদল সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখার প্রচার সম্পাদক জিএম মাশরাফিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিভিন্ন মাধ্যমে জিএম মাশরাফির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


