নড়াইলের মালিডাঙ্গা গ্রামে স্ত্রীর মৃত্যুর শোকের মধ্যেই প্রাণ হারিয়েছেন স্বামী রোমান মোল্যা (৬০)। শনিবার (১১ অক্টোবর) রাত ২টার দিকে তার স্ত্রীর মৃত্যু হয়। এর সাড়ে তিন ঘণ্টা পর ফজরের নামাজের সময় মসজিদে অসুস্থ হয়ে মারা যান রোমান মোল্যা। তিনি ওই মসজিদের নিয়মিত মুয়াজ্জিন ছিলেন।
ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোমান মোল্যার স্ত্রী প্রায় সাত বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। মাঝেমধ্যে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বেশির ভাগ সময় অসুস্থ থাকতেন তিনি। শনিবার দিবাগত রাত ২টার দিকে বাড়িতেই তার মৃত্যু হয়।
স্ত্রীর লাশ বাড়িতে রেখে ফজরের নামাজের আজান দিতে ও নামাজ আদায় করতে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান রোমান মোল্যা। নামাজ চলাকালে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় উপস্থিত মুসল্লিরা তাকে সুস্থ করার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
তুলারামপুর ইউনিয়নের বাসিন্দা ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রবিবার জোহরের নামাজের পর স্বামী-স্ত্রীর জানাজা একসাথে অনুষ্ঠিত হয়েছে। তাদের ছেলে জসিম কুয়েত থেকে দেশে ফেরার পর সোমবার দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে।


