...|...|...

বিশ্ব

ইহুদিদের জন্য ইসরায়েলের নির্বাচন কেন গুরুত্বপূর্ণ?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৪০
Shares
ইহুদিদের জন্য ইসরায়েলের নির্বাচন কেন গুরুত্বপূর্ণ?

ছবি: সংগৃহীত

ইসরায়েলের এবার পার্লামেন্ট নির্বাচনের অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিজ দেশে ফিরছেন রেকর্ড ৫৩ হাজারের বেশি প্রবাসী ইসরায়েলি। ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে ফ্লাইটে দেশে ফেরা এই প্রবাসীদের ভোট পরবর্তী সরকার গঠনে বড় ভূমিকা রাখতে পারে।

তবে তাদের বড় অংশই বিরোধীদের দিকে ঝুঁকতে পারেন—এমন আশঙ্কায় প্রবাসী ভোটারদের ওপর নাখোশ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসকদল লিকুদ পার্টি।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের তথ্য অনুযায়ী, অতীতের নির্বাচনগুলোতে প্রবাসীদের দেশে ফিরে ভোট দেওয়ার সংখ্যাটি ১০ হাজারের কাছাকাছি থাকলেও এবার তা প্রায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে। বেসরকারি নানা উদ্যোগে বিদেশে থাকা প্রবাসীদের দেশে এনে ভোট দেওয়ানোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

প্রবাসী ইসরায়েলিদের অনেকেই মনে করছেন, এটি দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন এবং এর মাধ্যমে কেবল নেতানিয়াহুর ভাগ্যই নয়, ইসরায়েল আগামীতে কোন পথে চলবে তা নির্ধারিত হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ‘আমেরিকা-ইসরায়েল ডেমোক্রেসি (এআইডি) কোয়ালিশনের’ সভাপতি জোনাথন বারসাডে জানান, এবার প্রবাসীদের এই বিশাল ভোট অন্তত দুইজন নেসেট সদস্যের নির্বাচন নির্ধারণ করে দেবে, যা সরকার গঠনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বড় পার্থক্য গড়ার সক্ষমতা রাখে।

নেতানিয়াহুর শিবির এই প্রবাসীদের ভোটপ্রবাহ আটকানোর নানা চেষ্টা করলেও বিশ্লেষকরা বলছেন, হামাসের হামলার পর অনেক প্রবাসী সেনাসদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং প্রবাসে থেকেও তারা সার্বক্ষণিক দেশের রাজনৈতিক খবরে যুক্ত।

এই নির্বাচনকে নেতানিয়াহুর ওপর এক ধরনের ‘গণভোট’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিরোধী শিবিরের মতে, নেতানিয়াহু পরাজিত হলে দুর্নীতির মামলায় তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

অন্যদিকে তার কট্টর সমর্থকেরা বলছেন, গাজা, পশ্চিম তীর, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের আধিপত্য বজায় রাখতে নেতানিয়াহুর কট্টর ডানপন্থি নেতৃত্বের বিকল্প নেই।