...|...|...

বিশ্ব

ইসরায়েলের ফোন হ্যাকিং প্রযুক্তি কিনছে ভারত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১৮
Shares
ইসরায়েলের ফোন হ্যাকিং প্রযুক্তি কিনছে ভারত

ছবি: সংগৃহীত

সরকারি সংস্থাগুলোর ডিজিটাল নজরদারি ও ফোন থেকে তথ্য উদ্ধারের সক্ষমতা বাড়াতে নিজস্ব ক্রয়নীতি শিথিল করেছে ভারত সরকার। এর ফলে ইসরায়েলি প্রতিষ্ঠান সেলিব্রাইটসহ একাধিক বিদেশি প্রতিষ্ঠানের প্রযুক্তি কেনার পথ খুলেছে। তবে এই পদক্ষেপ নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা ও মানবাধিকার নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

আলজাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, ডিজিটাল অধিকারবিষয়ক সংস্থা ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের (আইএফএফ) অনুসন্ধানে দেখা গেছে, মেক ইন ইন্ডিয়া নীতির আওতায় সরকারি ক্রয়ে বিদেশি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ছাড় দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অনুমোদনে অন্তত ৪২২টি বিদেশি প্রযুক্তিপণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। এর মধ্যে সেলিব্রাইটের একাধিক পণ্যও রয়েছে।

শুধু কেন্দ্রীয় সরকার বা বিজেপিশাসিত রাজ্য নয়, কংগ্রেসশাসিত হিমাচল প্রদেশ, কেরালা ও কর্ণাটকও ফোন থেকে তথ্য উদ্ধার ও ক্লোনিং প্রযুক্তি কিনেছে।

ক্লাউড তথ্যেও প্রবেশের প্রযুক্তি

আইএফএফের পর্যালোচনা করা ৭ জানুয়ারির একটি চিঠিতে দেখা গেছে, এক বছরের জন্য বিদেশি প্রযুক্তি কেনায় বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এতে ডিজিটাল ও মাল্টিমিডিয়া ফরেনসিকসের ১১৮টি পণ্য অন্তর্ভুক্ত ছিল। সেলিব্রাইটের পাথফাইন্ডার, ইনসেয়েটস অন-প্রেম প্রো এবং ইনসেয়েটস অফলাইনও এই তালিকায় রয়েছে।

২০ জানুয়ারির আরেক চিঠিতে ভারতের জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ) সেলিব্রাইটের প্রিমিয়াম টুল তিন বছরের লাইসেন্সে প্রায় পাঁচ কোটি রুপিতে কেনার অনুমতি দেওয়া হয়।

সরকারি দরপত্রের শর্ত অনুযায়ী, জব্দ করা ফোন বা কম্পিউটার থেকে পাওয়া লগইন টোকেন ব্যবহার করে শতাধিক ক্লাউড সেবায় প্রবেশ করতে সক্ষম সফটওয়্যার চাওয়া হয়েছে। এই টোকেন ব্যবহারকারীর অনলাইন অ্যাকাউন্টে প্রবেশের ডিজিটাল চাবি হিসেবে কাজ করতে পারে।

দিল্লি পুলিশের ন্যাশনাল সাইবার ফরেনসিক ল্যাবের জন্য চাওয়া সফটওয়্যারে অ্যাপল, মাইক্রোসফট ও লিনাক্স অপারেটিং সিস্টেমের পাসওয়ার্ড ও স্ক্রিন লক অতিক্রম, মুছে ফেলা ফাইল উদ্ধার, ব্রাউজিং ইতিহাস সংগ্রহ, ভিপিএন ব্যবহারের চিহ্ন শনাক্ত এবং মেসেজিং অ্যাপের তথ্য উদ্ধার করার সক্ষমতা চাওয়া হয়েছে।

আরেক ধরনের প্রযুক্তির মাধ্যমে গুগল, অ্যাপল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ডিসকর্ড, টিন্ডার, গ্রিন্ডার ও ওকেকিউপিডের মতো প্ল্যাটফর্মের তথ্য সংগ্রহের সক্ষমতা চাওয়া হয়েছে। এমনকি ড্রোন, পরিধানযোগ্য প্রযুক্তি, অ্যামাজনের অ্যালেক্সা ও গুগল হোমের মতো সংযুক্ত ডিভাইস থেকেও তথ্য উদ্ধারের শর্ত রয়েছে।

আইএফএফের অনুসন্ধানে ম্যাগনেট, এমএসএবি, অক্সিজেন ফরেনসিকস ও বেলকাসফটের মতো বিদেশি প্রতিষ্ঠানের প্রযুক্তির পাশাপাশি ওপেন সোর্স গোয়েন্দা তথ্য সংগ্রহ, ডার্ক ওয়েব পর্যবেক্ষণ ও ক্রিপ্টোকারেন্সি অনুসন্ধানের সফটওয়্যারের কথাও উঠে এসেছে।

ফোনে প্রবেশ নিয়ে প্রশ্ন

নজরদারি প্রযুক্তি নিয়ে উদ্বেগের বাস্তব উদাহরণ হিসেবে মোদি সরকারের সমালোচক ও ইউটিউবার ধ্রুব রাঠির অভিজ্ঞতা আলোচনায় এসেছে। দিল্লিতে এক বিক্ষোভে অংশ নিতে গিয়ে আটক হওয়ার পর তার ফোন জব্দ করা হয়।

পরে এক পডকাস্টে রাঠি দাবি করেন, পুলিশ সেলিব্রাইটের প্রযুক্তি ব্যবহার করে তার আইফোন ক্লোন করার চেষ্টা করেছিল। তবে নতুন সংস্করণের আইওএস থাকায় সেটি সফল হয়নি বলে তার ধারণা। আলজাজিরা এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

গত ১০ অক্টোবর দিল্লিতে আটক হওয়ার পর একই ধরনের অভিযোগ করেন সিয়াসাত ডেইলির সাংবাদিক মোহাম্মদ আসলাম হুসাইন। তার দাবি, পুলিশ ফোন ফেরত দেওয়ার পর তিনি দেখতে পান, সংবাদ সংগ্রহের সময় ধারণ করা কয়েকটি ভিডিও বেছে বেছে মুছে ফেলা হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এস২৪ ব্যবহারকারী ওই সাংবাদিক বলেন, কীভাবে ফোনের নিরাপত্তাব্যবস্থা অতিক্রম করা হয়েছিল তা তিনি নিশ্চিত নন। তবে তার প্রশ্ন ছিল, ‘তারা আমার ফোনের ভেতরে ঢুকল কীভাবে?’

এর আগে ২০১৯ সালে হোয়াটসঅ্যাপ জানিয়েছিল, ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতের সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফরেনসিক পরীক্ষায় সাংবাদিক সিদ্ধার্থ ভারদারাজন ও আনন্দ মঙ্গলনের ফোনে পেগাসাস সংক্রমণের প্রমাণ পাওয়া যায়। ভারত সরকার অবশ্য অননুমোদিত নজরদারির অভিযোগ অস্বীকার করে আসছে।

আইনি সুরক্ষা নিয়ে প্রশ্ন

আইএফএফের মতে, ভারতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জব্দ করা ফোন জোর করে আনলক করা বা পুরো ডিভাইসের তথ্য কপি করার ক্ষেত্রে স্পষ্ট ও বিস্তারিত আইনি নীতিমালার ঘাটতি রয়েছে।

বর্তমান আইনে ফোন জব্দের ক্ষমতা থাকলেও পাসকোড ভাঙা, সম্পূর্ণ তথ্য কপি করা, লগইন টোকেন সংগ্রহ করে ক্লাউড অ্যাকাউন্টে প্রবেশ করা বা উদ্ধার করা তথ্য কত দিন সংরক্ষণ করা যাবে—এসব বিষয়ে স্পষ্ট বিধান নেই।

২০১৭ সালে ভারতের সুপ্রিম কোর্ট ব্যক্তিগত গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়। রায়ে বলা হয়, ব্যক্তিগত গোপনীয়তায় রাষ্ট্রের হস্তক্ষেপের ক্ষেত্রে আইনি ভিত্তি, বৈধ উদ্দেশ্য এবং আনুপাতিকতা থাকতে হবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডিজিটাল অধিকারকর্মী বৃন্দা ভান্ডারির মতে, যথাযথ নজরদারি ও জবাবদিহি ছাড়া এসব প্রযুক্তি ব্যবহারের ফলে রাষ্ট্রীয় নজরদারি আরও বিস্তৃত ও গভীর হতে পারে।

তিনি বলেন, যুক্তরাজ্য ও জার্মানির মতো দেশে নজরদারির ওপর সংসদীয় বা বিচারিক তদারকি থাকলেও ভারতে মূলত নির্বাহী বিভাগের অভ্যন্তরীণ পর্যালোচনার ওপর নির্ভর করতে হয়।

ভান্ডারির মতে, অনেক ক্ষেত্রে নজরদারির শিকার ব্যক্তি নিজেই জানেন না যে তাঁকে নজরদারিতে রাখা হয়েছে। ফলে আইনগত প্রতিকার চাওয়ার সুযোগও সীমিত হয়ে পড়ে।

আলজাজিরা এ বিষয়ে ভারতের জাতীয় তদন্ত সংস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং হিমাচল প্রদেশ, কর্ণাটক ও কেরালার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো মন্তব্য পায়নি।